সিলেটে চার বাসে আগুন

আপলোড সময় : ২০-১১-২০২৬ ১০:১৩:১৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ২০-১১-২০২৬ ১০:১৪:৪৭ পূর্বাহ্ন
সুনামকণ্ঠ ডেস্ক :: দাঁড়িয়ে থাকা চারটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে তিনটি বাসের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। একটি আংশিক পুড়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে সিলেট সরকারি আইন মহাবিদ্যালয়ের (লকলেজ) সামনে এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পুড়ে যাওয়া বাসগুলো সিলেট-তামাবিল সড়কে চলাচল করত। ভোরে বাসগুলোতে আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) আফজাল হোসেন বাসে আগুন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, কারা এবং কী কারণে বাসগুলোতে আগুন দেওয়া হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিক তদন্তে ঘটনাটিকে নাশকতা বলে ধারণা করছে পুলিশ। তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। এজন্য ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, ৫টা ৩৫ মিনিটের সময় আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গেলে তিনটি গাড়ি পুড়তে দেখা যায়। পরে আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com