দিরাই প্রতিনিধি ::
ইউরোপে উচ্চশিক্ষার স্বপ্ন দেখছিলেন তিনি। আইইএলটিএস পাস করে স্ত্রীকে সঙ্গে নিয়ে ইউরোপের কোনো দেশে যাওয়ার পরিকল্পনাও করেন। কিন্তু বিদেশে যাওয়ার খরচ জোগাড় করতে গিয়ে বিয়ের মাধ্যমে শ্বশুরবাড়ি থেকে নেন ২০ লাখ টাকা। শেষ পর্যন্ত ইউরোপে পড়তে যাওয়ার স্বপ্ন পূরণ না হলেও গড়ায় দাম্পত্য কলহ। একপর্যায়ে স্ত্রীর দায়ের করা ২০ লাখ টাকা আত্মসাতের মামলায় গ্রেপ্তার হয়েছেন সেই স্বামী।
গ্রেপ্তার মুক্তাদির রহমান দিরাই উপজেলার জগদল ইউনিয়নের বাসুরী গ্রামের মানিকুর রহমানের ছেলে। তার স্ত্রী সোনালী আক্তার উপজেলার রাজানগর ইউনিয়নের কাইমা গ্রামের সামছুল হকের মেয়ে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ইউরোপের কোনো দেশে উচ্চশিক্ষা গ্রহণের উদ্দেশ্যে আইইএলটিএস পরীক্ষায় অংশ নেওয়া ও বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন মুক্তাদির। তবে বিদেশযাত্রার প্রয়োজনীয় অর্থ তার নিজের কাছে ছিল না। এ অবস্থায় স্ত্রীকে সঙ্গে নিয়ে ইউরোপে যাওয়ার পরিকল্পনা করেন তিনি। এ জন্য বিয়ের আগে কনেপক্ষের সঙ্গে আলোচনা করে বিদেশে যাওয়ার খরচ বাবদ ২০ লাখ টাকা দাবি করেন। পরে কাইমা গ্রামের কনেপক্ষের কাছ থেকে ২০ লাখ টাকা নিয়ে সোনালী আক্তারকে বিয়ে করেন।
বিয়ের পর ওই অর্থ দিয়ে ইউরোপের বিভিন্ন দেশে স্টুডেন্ট ভিসায় যাওয়ার চেষ্টা করেন মুক্তাদির। তবে কোনো দেশেই তার যাওয়ার ব্যবস্থা হয়নি। একদিকে বিদেশযাত্রার স্বপ্ন পূরণ না হওয়া, অন্যদিকে দা¤পত্য জীবনে নানা বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য ও কলহ বাড়তে থাকে। একপর্যায়ে তাদের স¤পর্কের অবনতি ঘটে।
ইউরোপে পড়তে যাওয়ার সুযোগ না পেয়ে পরে দিরাই উপজেলার জগদল আল-ফারুক উচ্চ বিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে কাজ শুরু করেন মুক্তাদির। এরই মধ্যে তার বিরুদ্ধে স্ত্রীর কাছ থেকে নেওয়া ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেন সোনালী আক্তার।
মামলাটিতে আদালত মুক্তাদির রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। অবশেষে মঙ্গলবার (১৭ নভেম্বর) সুনামগঞ্জ আদালত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।