জিংকসমৃদ্ধ ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে শান্তিগঞ্জে মাঠ দিবস

আপলোড সময় : ১৯-১১-২০২৬ ০২:৫৫:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-১১-২০২৬ ০২:৫৫:৩৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের শান্তিগঞ্জে জিংকসমৃদ্ধ ধান চাষ সম্প্রসারণ এবং পুষ্টিঘাটতি পূরণে কৃষকদের উদ্বুদ্ধ করতে মাঠ দিবস, বোরো মৌসুমের বীজ বিতরণ ও কৃষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মাল্টি-সেক্টরাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভনিউট্রিশন (MAIN) প্রকল্পের আওতায় জিংকসমৃদ্ধ বায়োফর্টিফাইড বিনাধান-২০-এর দুটি মাঠ দিবসের আয়োজন করা হয়। হারভেস্টপ্লাস সলিউশনস, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও শান্তিগঞ্জের যৌথ সহযোগিতায় আয়োজিত এসব কর্মসূচিতে শতাধিক কৃষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক। মাঠ দিবসে সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আহসান হাবিব। এ ছাড়া হারভেস্টপ্লাস সলিউশনসের রিসার্চ অ্যান্ড প্রজেক্ট ম্যানেজার মো. জাকিউল হাসানসহ কৃষি বিভাগের কর্মকর্তা, স্থানীয় কৃষক ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মাঠ দিবস উপলক্ষে আমন মৌসুমে চাষ করা জিংকসমৃদ্ধ বিনাধান-২০-এর প্রদর্শনী প্লটের ফসল কর্তন করা হয়। পরে কর্তন করা ধান কৃষকদের সামনে উপস্থাপন করা হয়। এর মাধ্যমে জাতটির ফলন, বৈশিষ্ট্য ও চাষাবাদের সম্ভাবনা সম্পর্কে কৃষকদের বাস্তব ধারণা দেওয়া হয়। পাশাপাশি জিংকসমৃদ্ধ ধানের পুষ্টিগুণ ও চাষ সম্প্রসারণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। আয়োজকেরা জানান, জিংক মানবদেহের স্বাভাবিক বৃদ্ধি, রোগপ্রতিরোধ ক্ষমতা ও সুস্বাস্থ্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জিংকসমৃদ্ধ বায়োফর্টিফাইড ধানের চাষ ও ব্যবহার বাড়ানোর মাধ্যমে খাদ্য থেকে জিংকের প্রাপ্যতা বৃদ্ধি এবং পুষ্টিঘাটতি মোকাবিলা করা সম্ভব। এদিকে MAIN প্রকল্পের আওতায় আসন্ন বোরো মৌসুমে শান্তিগঞ্জ উপজেলায় ৮০০ জন কৃষকের মধ্যে বিনামূল্যে জিংকসমৃদ্ধ ব্রি ধান৭৪ ও ব্রি ধান১০০ জাতের বীজ বিতরণ এবং কৃষক প্রশিক্ষণ কর্মসূচি নেওয়া হয়েছে। এর মধ্যে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় ৩০০ জন কৃষকের মধ্যে বীজ বিতরণ ও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পাশাপাশি প্রকল্পের সার্ভিস ইন্টিগ্রেশন কার্যক্রমের আওতায় কনসোর্টিয়াম পার্টনার ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সমন্বিত সহযোগিতায় আরও ২০০টি কৃষক পরিবারের মধ্যে জিংকসমৃদ্ধ ধানবীজ বিতরণ করা হয়েছে। প্রকল্পসংশ্লিষ্টরা জানান, কৃষকদের কাছে কৃষি ও পুষ্টিসংক্রান্ত বিভিন্ন সেবা সমন্বিতভাবে পৌঁছে দেওয়া এবং পুষ্টিসংবেদনশীল কৃষি সম্প্রসারণের মাধ্যমে গ্রামীণ পর্যায়ে পুষ্টি উন্নয়নে কাজ করছে MAIN প্রকল্প।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com