দিরাই প্রতিনিধি:: দিরাইয়ে পুর্ব বিরোধের জের ধরে দু' পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে রবজুল হক মোড়ল মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহত উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার করিমপুর ইউনিয়নের ছাদিরপুর বাসস্টেশন এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত রবজুল হক মোড়ল মিয়া পার্শ্ববর্তী শান্তিগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামের বাসিন্দা।
এলাকার বিভিন্ন শ্রেনি পেশার জনগন জানান, দুর্গাপুর গ্রামের জমির হোসেনও ওই গ্রামের রবজুল হক এর গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে গ্রাম্য আধিপত্যের লড়াই চলছে। এরই জের ধরে মঙ্গলবার রাতে দিরাই উপজেলার ছাদিরপুর বাসস্টেশন এলাকায় দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে রবজুল হক মোড়ল মিয়া গুরুতর আহত হন। তাঁকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার উদ্যোগ নেওয়া হলেও হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়।দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার প্রশান্ত দাস তালুকদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সংঘর্ষে আহত রবজুল হক মোড়ল মিয়াকে হাসপাতালে নিয়ে আসার আগেই তাঁর মৃত্যু হয়েছে।তবে আহত কেউই আমাদের হাসাপাতালে চিকিৎসা নিতে আসেননি।