সড়ক শুধু যানবাহন চলাচলের পথ নয়, এটি জনসাধারণের নির্বিঘ্ন যাতায়াত, নিরাপত্তা ও অর্থনৈতিক কর্মকাণ্ডের অন্যতম প্রধান অবলম্বন। অথচ সুনামগঞ্জে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গা দখল করে মহাসড়কের দুপাশে একের পর এক অবৈধ স্থাপনা নির্মাণের ঘটনা যেন নিয়মে পরিণত হয়েছে। সরকারি জায়গা দখল করে দোকানপাট নির্মাণ, সেগুলো ভাড়া দেওয়া এবং সড়কের পাশে অবৈধ যানবাহনের স্ট্যান্ড গড়ে তোলার ফলে প্রতিনিয়ত বাড়ছে জনদুর্ভোগ। গুরুত্বপূর্ণ সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের দিরাই রাস্তা পয়েন্ট তারই একটি দৃষ্টান্ত।
দিরাই রাস্তা পয়েন্ট সুনামগঞ্জ সদরসহ আশপাশের কয়েকটি উপজেলার মানুষের যাতায়াতের গুরুত্বপূর্ণ সংযোগস্থল। প্রতিদিন এ পথ দিয়ে হাজার হাজার মানুষ জেলা শহরে আসা-যাওয়া করেন। অথচ এই গুরুত্বপূর্ণ স্থানের দুই পাশের সরকারি জায়গা দখল করে গড়ে উঠেছে সারি সারি দোকানপাট। কোথাও যানবাহনের জটলা, কোথাও অবৈধ স্ট্যান্ড। ফলে সড়কের জায়গা ক্রমেই সংকুচিত হচ্ছে। পথচারীরা ফুটপাত বা নিরাপদ চলাচলের জায়গা না পেয়ে জীবনের ঝুঁকি নিয়ে মূল সড়ক দিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন। যানজটের পাশাপাশি বাড়ছে দুর্ঘটনার আশঙ্কাও।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, সরকারি জায়গা দখল করে দোকান নির্মাণের পর সেগুলো ভাড়া দেওয়ার অভিযোগ রয়েছে। অর্থাৎ একটি স্বার্থান্বেষী চক্র সরকারি স¤পদকে ব্যক্তিগত আয়ের উৎসে পরিণত করেছে। এর মাশুল দিচ্ছে সাধারণ মানুষ। প্রশ্ন হচ্ছে, সরকারি জায়গা দখল করে দিনের পর দিন কীভাবে এসব স্থাপনা গড়ে উঠছে? সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চোখের সামনে নতুন নতুন দোকান নির্মিত হলেও সময়মতো ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? এসব দখলের পেছনে কারা জড়িত, তাদের রাজনৈতিক বা সামাজিক পরিচয় যা-ই হোক, আইনের আওতায় আনা জরুরি।
আরও উদ্বেগের বিষয়, কয়েক দফা উচ্ছেদ অভিযান চালানোর পরও দখল স্থায়ীভাবে বন্ধ করা যাচ্ছে না। উচ্ছেদের কিছুদিন পরই একই জায়গায় আবার স্থাপনা গড়ে উঠছে। এতে স্পষ্ট হয়, শুধু লোকদেখানো উচ্ছেদ অভিযান দিয়ে দখলদারত্ব বন্ধ করা সম্ভব নয়। প্রয়োজন নিয়মিত নজরদারি, দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং উচ্ছেদ করা জায়গা পুনর্দখল ঠেকাতে কার্যকর উদ্যোগ।
মহাসড়কের জায়গা রক্ষা করা কেবল সওজ বিভাগের একার দায়িত্ব নয়; জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সমন্বিত ভূমিকা প্রয়োজন। বিশেষ করে দখলদারদের তালিকা তৈরি, অবৈধ স্থাপনা উচ্ছেদ, অবৈধ স্ট্যান্ড অপসারণ এবং পুনর্দখলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। সরকারি জায়গা দখল করে যারা দোকান নির্মাণ ও ভাড়া দিয়ে অর্থ উপার্জন করছে, তাদেরও জবাবদিহির আওতায় আনতে হবে।
সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে, অবৈধ স্থাপনা উচ্ছেদে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের জন্য জেলা প্রশাসকের কাছে চিঠি দেওয়া হয়েছে। এটি আশাব্যঞ্জক উদ্যোগ। তবে চিঠি চালাচালি কিংবা আশ্বাসের মধ্যে যেন বিষয়টি সীমাবদ্ধ না থাকে। দ্রুত উচ্ছেদ অভিযান পরিচালনার পাশাপাশি উচ্ছেদ করা জায়গা সংরক্ষণে স্থায়ী ব্যবস্থা নিতে হবে।
মনে রাখতে হবে, মহাসড়ক কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ব্যক্তিগত স¤পত্তি নয়। এটি জনগণের স¤পদ। দখলদারদের স্বার্থ রক্ষার চেয়ে জনসাধারণের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করাই কর্তৃপক্ষের প্রধান দায়িত্ব। তাই অবৈধ দখল উচ্ছেদে দৃশ্যমান ও ধারাবাহিক পদক্ষেপ এখন সময়ের দাবি।