স্টাফ রিপোর্টার ::
বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ বাজারে দুটি ফার্মেসিতে অভিযান চালিয়ে ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৬ নভেম্বর) পরিচালিত এ অভিযানে অ্যান্টিবায়োটিক রেজিস্টার সংরক্ষণ না করা, ফিজিশিয়ান স্যা¤পল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে রাখার দায়ে দুটি মামলায় দুই ব্যক্তিকে অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিবুর রহমান। এ সময় প্রসিকিউশন প্রদান করেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক শিকদার কামরুল ইসলাম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে ফার্মেসিগুলোতে ওষুধ বিক্রির কার্যক্রম ও সংরক্ষিত ওষুধের কাগজপত্র যাচাই করা হয়। এ সময় অ্যান্টিবায়োটিক রেজিস্টার যথাযথভাবে সংরক্ষণ না করা, ফিজিশিয়ান স্যা¤পল এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে রাখার অনিয়ম পাওয়া যায়। এসব অপরাধে ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩ অনুযায়ী দুটি মামলায় দুই অভিযুক্তকে মোট ৪৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জনস্বাস্থ্য সুরক্ষা এবং ওষুধের মান ও নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।