তাহিরপুর প্রতিনিধি ::
আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে তাহিরপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার দুপুরে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়ার সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুনাব আলীর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, একেএম নাসের উজ্জ্বল, সাকাওয়াত হোসেন, সাইদুল কিবরিয়া, এমদাদুল হক, চাঁন মিয়া মাস্টার, শামীম আহমেদ, আজিজুল ইসলাম, আবুল কালাম, এস কে শফিকুল ইসলাম, শাহিন আলম, তোজাম্মিল হক নাসরুম, জাহাঙ্গীর আলম, পারভেজ জামান, আতিকুর রহমান আতিক, আবুল হাসান রাসেল, আবু হুরায়রা সোহাগ প্রমুখ।
সভায় বক্তারা অভিযোগ করেন, ক্ষমতাচ্যুত শেখ হাসিনা বিদেশে অবস্থান করে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। তার অনুসারীরা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। এসব ষড়যন্ত্র ও অপতৎপরতা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার ঘোষণা দেন তারা। একই সঙ্গে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের যেখানেই পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
বক্তারা আরও বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোয়াজ্জেম হোসেন রতনের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সোমবার ফেসবুক লাইভে আসেন তিনি। এ সময় সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলকে নিয়ে মিথ্যা ও কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ করেন বিএনপি নেতারা।
তারা সাবেক এমপি রতনের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, পালিয়ে কিংবা গোপনে থেকে বক্তব্য না দিয়ে তাকে প্রকাশ্যে রাজনৈতিক মাঠে আসতে হবে। মাঠে এলে কে কতটা জনপ্রিয় ও শক্তিশালী, তা প্রমাণ হবে। কামরুজ্জামান কামরুল জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্য, রাতের ভোটে নির্বাচিত নন। তার সঙ্গে তুলনা করার যোগ্যতা মোয়াজ্জেম হোসেন রতনের নেই বলেও মন্তব্য করেন বক্তারা।
এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।