ধর্মপাশা ও মধ্যনগর প্রতিনিধি ::
সুনামগঞ্জ -১আসনের বিএনপির সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলকে উদ্দেশ্য করে একই আসনের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন গত সোমবার ফেসবুক লাইভে এসে কুরুচিপূর্ণ বক্তব্য ও হুমকি দেওয়া এবং সারাদেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ধর্মপাশা ও মধ্যনগর উপজেলায় মঙ্গলবার পৃথক পৃথক সময়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ওইদিন সকাল ১১টার দিকে ধর্মপাশা উপজেলা বিএনপির দলীয় কার্যালয় প্রাঙ্গণ থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা সদর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে দলীয় কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে অন্যান্যের বক্তব্য দেন ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হক, নূরুল ইসলাম, সদস্য মুজিবুর রহমান মজুমদার, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক স¤পাদক সাইফুল ইসলাম চৌধুরী কামাল প্রমুখ। একইদিন বেলা দুইটার দিকে মধ্যনগর উপজেলা বিএনপির দলীয় কার্যালয় প্রাঙ্গণ থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার সদর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিল শেষে মধ্যনগর বাজার খাদ্যগুদাম প্রাঙ্গণে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত, যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ূম মজনু, আবুল বাশার, সদস্য কামাল হোসেন প্রমুখ।