নাশকতার চেষ্টার অভিযোগ সাবেক সংসদ সদস্যসহ ২২ জনের নামে মামলা

আপলোড সময় : ১৭-১১-২০২৬ ০২:৪৬:৫৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৭-১১-২০২৬ ০২:৪৬:৫৫ পূর্বাহ্ন
ধর্মপাশা প্রতিনিধি :: নাশকতা সৃষ্টির চেষ্টার ঘটনায় জড়িত থাকার অভিযোগে সুনামগঞ্জ- ১ আসনের সাবেক সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন (৫৫) সহ ২২জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ২০থেকে ২৫জনকে আসামি করে সোমবার দুপুরে (১৬নভেম্বর) ধর্মপাশা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। ধর্মপাশা থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার নওধার গ্রামের বাসিন্দা সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের হাওর বাংলা নামক এক বাড়ি রয়েছে। এই বাড়ির উঠানে রবিবার (১৫ নভেম্বর) রাতে ধর্মপাশাসহ আশপাশের বিভিন্ন উপজেলা থেকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীসহ ৪০ থেকে ৪৫জন মিলে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যার্পণ উপলক্ষে নাশকতার পরিবেশ সৃষ্টির জন্য সেখানে জড়ো হন। খবর পেয়ে ওইদিন রাত সোয়া ১টার দিকে সেখানে অভিযান চালায় ধর্মপাশা থানার একদল পুলিশ। অভিযান টের পেয়ে নাশকতার ঘটনার চেষ্টায় জড়িতরা সেখান থেকে পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে সাবেক সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের পিএস বাবুল আক্তার (৫৭) আটক করা হয়। এ সময় সেখান থেকে তিনটি বাঁশের লাঠি, সাতটি কাঠের চেলা, ১৫টি ছোটবড় ইটের টুকরো ও বিভিন্ন সাইজের ৯ জোড়া জুতা উদ্ধার করা হয়। ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, নাশকতা পরিবেশ তৈরি করার চেষ্টার ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাবেক সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনসহ ২২জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ২০থেকে ২৫জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে ধর্মপাশা থানায় একটি মামলা হয়েছে। আটক বাবুল আক্তারকে এই মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com