"জ্যোৎস্নার শহর" গড়ার স্বপ্নদ্রষ্টা মমিনুল মইজদীনের মৃত্যুবার্ষিকী পালিত

আপলোড সময় : ১৫-১১-২০২৬ ০২:০১:৫৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-১১-২০২৬ ০২:০৩:০৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ পৌরসভার সাবেক তিনবারের চেয়ারম্যান, কবি, সাহিত্যিক ও রাজনীতিবিদ দেওয়ান মমিনুল মইজদীনের ১৯তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। একজন জনবান্ধব জনপ্রতিনিধি, সংস্কৃতিমনা ব্যক্তিত্ব ও বহুমুখী প্রতিভার অধিকারী মানুষ হিসেবে তাঁর অবদান স্মরণ করেছেন পরিবারের সদস্য, স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। তাঁদের মতে, সুনামগঞ্জ শহরের উন্নয়ন, মানুষের কল্যাণ এবং একটি আধুনিক ও নান্দনিক নগর গড়ার যে স্বপ্ন তিনি দেখেছিলেন, তা আজও প্রাসঙ্গিক। রোববার (১৫ নভেম্বর) সকাল ১১টায় সুনামগঞ্জ শহরের হাসনরাজা পরিবারের পারিবারিক কবরস্থানে তাঁর ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত, শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় প্রয়াত মমিনুল মইজদীন, তাঁর স্ত্রী ও সন্তানের কবর জিয়ারত করেন পরিবারের সদস্য, স্বজন, শুভাকাঙ্ক্ষী এবং মমিনুল মইজদীন স্মৃতি সংসদের নেতৃবৃন্দ। পরে তাঁদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরিন বলেন, মমিনুল মইজদীন তাঁদের পরিবারের গৌরব। হাসনরাজার উত্তরাধিকারী হিসেবে তিনি হাসনরাজার চেতনা ও ঐতিহ্য যথাযথভাবে ধারণ করতেন। তিনি শুধু একজন রাজনীতিবিদই ছিলেন না, ছিলেন কবি, সাহিত্যিক ও ক্রীড়া সংগঠক। স্মার্ট ও বহুমুখী প্রতিভার অধিকারী এই মানুষটির শূন্যতা আজও সুনামগঞ্জের মানুষ অনুভব করেন। তাঁর মতো ব্যক্তিত্ব আবার কবে সুনামগঞ্জে জন্ম নেবেন, তা বলা কঠিন। তিনি প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন। সাবেক কাউন্সিলর ও মমিনুল মইজদীন স্মৃতি সংসদের সভাপতি নুরুল ইসলাম বজলু বলেন, ১৫ নভেম্বর সুনামগঞ্জবাসীর জন্য একটি বেদনাবিধুর দিন। এই দিনে শহরের একজন আলোকিত মানুষকে হারিয়েছিল সুনামগঞ্জ। তিনবারের পৌর চেয়ারম্যান মমিনুল মইজদীন কেবল একজন জনপ্রতিনিধি ছিলেন না, তিনি নিজেই সুনামগঞ্জের একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছিলেন। দুর্নীতি, মাদক, নকল এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে তিনি সবসময় সোচ্চার ভূমিকা পালন করেছেন। তিনি বলেন, মমিনুল মইজদীন বেঁচে থাকলে শহরের বর্তমান বিভিন্ন সমস্যা ও অনিয়মের বিরুদ্ধে আরও জোরালো আন্দোলন গড়ে তুলতেন বলে তাঁর বিশ্বাস। নতুন প্রজন্মকে তাঁর আদর্শ, সততা, সাহসিকতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। নুরুল ইসলাম বজলু আরও বলেন, এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মমিনুল মইজদীন, তাঁর স্ত্রী, সন্তান ও গাড়িচালকের মৃত্যু হয়। তাঁদের স্মৃতি ও অবদান ধরে রাখতে প্রতিবছর স্মৃতি সংসদের উদ্যোগে মৃত্যুবার্ষিকী পালন করা হয়। এরই ধারাবাহিকতায় এবারও কবর জিয়ারত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মহান আল্লাহ যেন তাঁদের সবাইকে জান্নাতুল ফেরদৌস দান করেন, সেই কামনা করেন তিনি। সাবেক কাউন্সিলর আহমদ নুর বলেন, ২০০৪ সালে কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালনের সময় মমিনুল মইজদীনকে অভিভাবক হিসেবে পেয়েছিলেন। তাঁর সঙ্গে সমাজকর্মী ও জনপ্রতিনিধি হিসেবে কাজ করার সুযোগ হয়েছিল। তিনি ছিলেন জনবান্ধব ও মানবিক মানুষ। সাধারণ মানুষের কল্যাণে কাজ করার পাশাপাশি সুনামগঞ্জ শহরকে একটি মডেল শহর ও ‘জ্যোৎস্নার শহর’ হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখতেন। তাঁর মতো নেতা ও জনপ্রতিনিধি ভবিষ্যতে সুনামগঞ্জে সৃষ্টি হবেন কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি। স্মৃতিচারণে বক্তারা বলেন, জনপ্রতিনিধির দায়িত্ব শুধু প্রশাসনিক কাজের মধ্যে সীমাবদ্ধ নয়; মানুষের পাশে দাঁড়ানো, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা এবং শহরের ভবিষ্যৎ নিয়ে সুদূরপ্রসারী পরিকল্পনা করাও একজন নেতার দায়িত্ব। মমিনুল মইজদীনের কর্মময় জীবন ও নগর উন্নয়নের স্বপ্ন নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। উল্লেখ্য, ২০০৭ সালের ১৫ নভেম্বর এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দেওয়ান মমিনুল মইজদীন, তাঁর স্ত্রী, সন্তান ও গাড়িচালক নিহত হন। তাঁদের আকস্মিক মৃত্যুতে সুনামগঞ্জজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছিল। দীর্ঘ ১৯ বছর পেরিয়ে গেলেও পরিবারের সদস্য, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের স্মৃতিতে অমলিন হয়ে আছেন এই জনবান্ধব জনপ্রতিনিধি। এ সময় উপস্থিত ছিলেন দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, দেওয়ান গনিউল সালাদীন, পারভেজ আহমদ চৌধুরী, আলী হায়দার মাস্টার, লতিফুর রহমান রাজু, সাংবাদিক পংকজ দে, ঝুটন পুরকায়স্থ, আলী আহমদ, মমিন চৌধুরী ফয়সল, সাজিদ, টিটু, সৈয়দ শফিকুল ইসলাম, জুয়েল আহমদসহ পরিবারের সদস্য, স্বজন, শুভাকাঙ্ক্ষী ও স্মৃতি সংসদের নেতৃবৃন্দ।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com