জামালগঞ্জে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

আপলোড সময় : ১৫-১১-২০২৬ ০২:৪৬:৫১ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৫-১১-২০২৬ ০২:৪৬:৫১ পূর্বাহ্ন
জামালগঞ্জ প্রতিনিধি :: জামালগঞ্জে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ করেছেন ভুক্তভোগী। জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ বরাবর শনিবার দুপুরে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী মাছচাষি। অভিযোগ সূত্রে জানাযায়, উপজেলার উত্তর কামলাবাজ গ্রামের বাসিন্দা মো. আনসার আলী (৪৫) একজন মৎস্য চাষি। বাড়ির পাশে তার একটি পুকুর রয়েছে। পুকুরটিতে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছিলেন তিনি। মাছ চাষের ইতিমধ্যে প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা বিনিয়োগ করেছেন বলে অভিযোগে উল্লেখ করেন। অভিযোগে তিনি বলেন, গত ২১ নভেম্বর রাত আনুমানিক ১০টার দিকে তার পুকুরের পাশে কয়েকজনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। এ সময় টর্চলাইটের আলোতে ইউসুফ আলী (৫০), ইয়াসিন মিয়া (১৯) ও হুমায়ুন মিয়াকে (৩২) খামারের পাশে অবস্থান করতে দেখেন বলে দাবি করেন তিনি। পরদিন সকালে পুকুরের আশপাশের কয়েকজন বাসিন্দা তাকে মাছ মরে পানিতে ভেসে থাকার বিষয়টি জানান। পরে পুকুরে গিয়ে বিভিন্ন স্থানে অসংখ্য মরা মাছ ভাসতে দেখেন। তার ধারণা, পরিকল্পিতভাবে বিষ প্রয়োগ করে খামারের মাছ নিধন করা হয়েছে। এতে তার প্রায় সাড়ে ৪ লাখ টাকার মাছের ক্ষতি হয়েছে। অভিযোগে অভিযুক্তরা হলেন, উত্তর কামলাবাজ গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে ইউসুফ আলী (৫০), তার ভাগনে ইয়াসিন মিয়া (১৯) এবং একই গ্রামের ইসহাক আলীর ছেলে হুমায়ুন মিয়া (৩২)। জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. বন্দে আলী বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com