ধানের বাজারে দরপতন

বোরো আবাদে লাভ-লোকসানের হিসাব কষছেন কৃষক

আপলোড সময় : ১৩-১১-২০২৬ ০৭:৪৩:০০ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৩-১১-২০২৬ ০৭:৪৪:১২ পূর্বাহ্ন
বিশেষ প্রতিনিধি::
হাওরের বুকজুড়ে এখন নতুন বোরো ফসলের প্রস্তুতির সময়। অথচ সুনামগঞ্জের কৃষকদের মনে নেই নতুন ফসলের স্বপ্ন, বরং ঘুরপাক খাচ্ছে লাভ-লোকসানের হিসাব। সদ্য ঘরে তোলা বোরো ধান বিক্রি হচ্ছে উৎপাদন খরচের চেয়েও কম দামে। অন্যদিকে স্বাভাবিক সময়ের প্রায় এক মাস আগেই হাওরের পানি শুকিয়ে যাওয়ায় অনেক এলাকায় শুকিয়ে গেছে বীজতলা। নতুন করে জমিতে সেচ দিতে হবে বাড়তি খরচে। সব মিলিয়ে আগের মৌসুমের লোকসান আর নতুন মৌসুমের বাড়তি ব্যয়ের চাপে বোরো আবাদ নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন হাওরপারের কৃষকরা। অনেকেই ভাবছেন, ঋণ-ধারদেনা করে আবারও চাষাবাদে নামবেন, নাকি এবার বোরো আবাদ থেকে সরে দাঁড়াবেন। হাওরাঞ্চলে বোরো ধানের বাজারে বড় ধরনের দরপতনে বিপাকে পড়েছেন কৃষকরা। গত বছর যে ধান প্রতি মণ ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৬০০ টাকায় বিক্রি হয়েছিল, এবার তা নেমে এসেছে ৮০০ থেকে ৯০০ টাকায়। জলাবদ্ধতায় রং কালচে হয়ে যাওয়া ধানের দাম আরও কম। কোথাও কোথাও এসব ধান বিক্রি হচ্ছে মাত্র ৫০০ থেকে ৬০০ টাকা মণ দরে। কৃষকদের হিসাবে, প্রতি মণ ধান উৎপাদনে খরচ হয়েছে ৮০০ থেকে ১ হাজার ১০০ টাকা। অথচ বর্তমান বাজারদরে ধান বিক্রি করে উৎপাদন খরচই উঠছে না। তার ওপর কম দামেও অনেক কৃষক ক্রেতা পাচ্ছেন না। ফলে গোলায় ধান থাকলেও লোকসানের শঙ্কায় দিশেহারা তারা। ধান বিক্রির অর্থ দিয়ে পুরোনো ঋণ পরিশোধ, সংসারের ব্যয় নির্বাহ এবং নতুন মৌসুমের চাষাবাদের প্রস্তুতি নেওয়ার কথা ছিল কৃষকদের। কিন্তু বাজারে ধানের দরপতনে সব হিসাব ওলটপালট হয়ে গেছে। অনেক কৃষক এবার বোরো আবাদ না করার কথাও ভাবছেন। এতে আগামী মৌসুমে হাওরাঞ্চলে বোরো চাষ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সুনামগঞ্জের অর্থনীতি ও মানুষের জীবনযাত্রার সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে বোরো ধান। হাওরপারের কৃষকদের সারা বছরের আয়-ব্যয়ের বড় ভরসা এই ফসল। বৈশাখে গোলায় ধান তোলার পর তা বিক্রির অর্থেই চলে সংসার, সন্তানদের লেখাপড়া, চিকিৎসা, বিয়ে-শাদিসহ নানা প্রয়োজন। কিন্তু এবার উৎপাদিত ফসলের ন্যায্য দাম না পাওয়ায় কৃষকদের সেই প্রত্যাশায় ভাটা পড়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের বোরো মৌসুমে জেলার ছোট-বড় ১৯৩টি হাওরে ২ লাখ ২৩ হাজার ৫১১ হেক্টর জমিতে ধান আবাদ করা হয়েছিল। ওই মৌসুমে প্রায় ১৪ লাখ টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও উৎপাদন হয়েছিল ১২ লাখ ৯৮ হাজার ৪০০ টন। লক্ষ্যমাত্রার চেয়ে উৎপাদন কম হয়েছিল ১ লাখ ১ হাজার ৬০০ টন। কৃষক ইনসান মিয়া বলেন, গত বছর যে ধান ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৬০০ টাকা মণ দরে বিক্রি করেছি, এবার সেই ধান ৮০০ থেকে ৯০০ টাকায় বিক্রি করতে হচ্ছে। অনেক সময় এই দামেও ক্রেতা পাওয়া যায় না। ধান উৎপাদনে যে খরচ হয়েছে, বর্তমান দামে তা তোলাও সম্ভব হচ্ছে না। এভাবে লোকসান হলে আগামী মৌসুমে কীভাবে বোরো চাষ করব, তা নিয়ে দুশ্চিন্তায় আছি। একই পরিস্থিতি জেলার বিভিন্ন এলাকার কৃষকদের। অনেকের গোলায় এখনো শত শত মণ ধান পড়ে আছে। বাজারে দাম কম থাকায় সেগুলো বিক্রি করতে পারছেন না। গত মৌসুমের কৃষিঋণও পরিশোধ করতে পারেননি অনেকে। নতুন মৌসুমে কীভাবে চাষাবাদের খরচ জোগাড় করবেন, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন তারা। কেউ কেউ জমি বিক্রি করে সন্তানদের বিদেশে পাঠানোর চিন্তাও করছেন। এমন পরিস্থিতিতে ধান চাষ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিচ্ছেন কিছু কৃষক। কৃষকদের সঙ্গে কথা বলে আরও জানা গেছে, হাওরাঞ্চলের জমির মালিকদের একটি বড় অংশ নিজেরা চাষাবাদ না করে বর্গাচাষিদের মাধ্যমে ফসল উৎপাদন করান। বর্গাচাষিরা ঋণ ও ধারদেনা করে জমিতে ধান ফলান। মৌসুম শেষে ধান বিক্রির অর্থ থেকে জমির মালিকের পাওনা, কৃষিঋণ ও শ্রমিকের মজুরি পরিশোধ করতে হয়। কিন্তু এবার বাজারে ধানের দাম কম থাকায় এসব খরচ মেটানো কঠিন হয়ে পড়েছে। ফলে বর্গা নিয়ে চাষাবাদেও আগ্রহ হারাচ্ছেন অনেক কৃষক। এদিকে এবার স্বাভাবিক সময়ের প্রায় এক মাস আগেই হাওরের পানি শুকিয়ে যাওয়ায় বোরো আবাদ নিয়ে নতুন করে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। অনেক এলাকায় পানির অভাবে শুকিয়ে গেছে বোরো ধানের বীজতলা। এখন জমিতে চারা রোপণ থেকে শুরু করে ফসলের পরিচর্যা পর্যন্ত সেচের জন্য বাড়তি খরচ গুনতে হবে তাদের। এতে উৎপাদন ব্যয় আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। একদিকে উৎপাদিত ধানের ন্যায্যমূল্য না পাওয়া, অন্যদিকে নতুন মৌসুমে বাড়তি খরচের চাপ - সব মিলিয়ে চাষাবাদ নিয়ে দ্বিধায় রয়েছেন তারা। আগের মৌসুমের লোকসান কাটিয়ে নতুন করে ঋণ ও ধারদেনা করে আবাদে নামবেন, নাকি চাষাবাদ থেকে সরে দাঁড়াবেন, তা নিয়ে হিসাব-নিকাশ করছেন অনেক কৃষক। ফলে এবার হাওরাঞ্চলে বোরো আবাদে কৃষকের আগ্রহ কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
সুনামগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ফেরদৌস জাহান বলেন, ধানের দাম কমার বিষয়টি অবগত রয়েছি। এবার প্রাকৃতিক দুর্যোগের কারণে হাওরের কিছু ধানের মান কমে গেছে। এ কারণে বাজারে ধানের দাম কমেছে। জেলা কৃষি বিপণন কর্মকর্তা আহমদ আসিফুর রব জানান, সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় এবার ধানের দাম তুলনামূলক কম। তবে ধানের দাম কমলেও সেই অনুপাতে চালের দাম কমেনি। বিষয়টি তারা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছেন বলে জানান।

সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক বলেন, হাওরের পানি কিছুটা আগে নেমে গেলেও বীজতলা তৈরি ও বোরো আবাদে এর তেমন কোনো প্রভাব পড়বে না। বোরো মৌসুমের প্রস্তুতি ও চাষাবাদ নিয়ে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com