মাদ্রাসার ছাদ থেকে বজ্রপাত নিরোধক যন্ত্র চুরি

আপলোড সময় : ১৩-১১-২০২৬ ০৭:২৬:২২ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৩-১১-২০২৬ ০৭:২৬:২২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: বজ্রপাতপ্রবণ এলাকা হিসেবে পরিচিত সুনামগঞ্জ। প্রতি বছর বজ্রপাতে প্রাণহানির ঝুঁকিতে থাকেন হাওরাঞ্চলের মানুষ। এমন পরিস্থিতিতে জামালগঞ্জ উপজেলার সাচনাবাজার ইউনিয়নের আটগাঁও শুকদেবপুর দাখিল মাদ্রাসার ছাদে শিক্ষার্থী ও এলাকাবাসীর নিরাপত্তায় স্থাপন করা বজ্রপাত নিরোধক যন্ত্রই চুরি হয়ে গেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে দুর্বৃত্তরা যন্ত্রটি চুরি করে নিয়ে যায়। এতে শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। জানা যায়, বজ্রপাতের ঝুঁকি থেকে শিক্ষার্থী, শিক্ষকসহ আশপাশের এলাকার মানুষের জানমাল রক্ষার উদ্দেশ্যে মাদ্রাসার ছাদে যন্ত্রটি স্থাপন করা হয়েছিল। গুরুত্বপূর্ণ এই নিরাপত্তা সরঞ্জাম চুরি হওয়ায় মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয়দের ভাষ্যমতে, বজ্রপাত নিরোধক যন্ত্রটি শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠানের স¤পদ নয়, এটি শিক্ষার্থী ও এলাকাবাসীর জীবন রক্ষার সঙ্গে জড়িত। এমন গুরুত্বপূর্ণ নিরাপত্তা সরঞ্জাম চুরির ঘটনা অত্যন্ত দুঃখজনক। দ্রুত যন্ত্রটি উদ্ধার এবং চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। শিক্ষার্থী ও এলাকাবাসীর নিরাপত্তার স্বার্থে চুরি হওয়া বজ্রপাত নিরোধক যন্ত্রটি দ্রুত উদ্ধার করে পুনরায় স্থাপন এবং মাদ্রাসার নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। এ ব্যাপারে আটগাঁও শুকদেবপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মাহমুদুল হাসান বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। ইতিমধ্যে এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বাকি আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com