স্টাফ রিপোর্টার ::
তাহিরপুর উপজেলার যাদুকাটা নদী থেকে নিয়মবহির্ভূতভাবে সেইভ মেশিন ব্যবহার করে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বৃহ¯পতিবার (১২ নভেম্বর) পরিচালিত টাস্কফোর্সের এ অভিযানে ২১টি সেইভ মেশিন জব্দ এবং বালু উত্তোলনে ব্যবহৃত দুটি স্টিলবডি নৌযান আটক করা হয়েছে। এ ঘটনায় নৌযান দুটির মালিককে মোবাইল কোর্টের মাধ্যমে মোট ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
যাদুকাটা নদীতে সেইভ মেশিন ব্যবহার করে বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসন, তাহিরপুরের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। সহকারী কমিশনার (ভূমি), তাহিরপুরের নেতৃত্বে পরিচালিত অভিযানে অংশ নেন তাহিরপুর থানা পুলিশ, বিজিবি-২৮ লাউড়েরগড় বিওপি, ব্যাটালিয়ন আনসার ও টেকেরঘাট নৌপুলিশের সদস্যরা। এ ছাড়া পরিবেশ অধিদপ্তর, সুনামগঞ্জের একজন প্রতিনিধি অভিযানে অংশগ্রহণ করেন।
অভিযান চলাকালে নদীতে সেইভ মেশিন ব্যবহার করে বালু উত্তোলনের অভিযোগে ২১টি মেশিন জব্দ করা হয়। একই অপরাধে বালু উত্তোলনে ব্যবহৃত দুটি স্টিলবডি নৌযান আটক করা হয়। পরে মোবাইল কোর্ট পরিচালনা করে নৌযান দুটির মালিককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।