মরহুম হাজী সুন্দর আলী ফাউন্ডেশনের উদ্যোগে

শান্তিগঞ্জে ৫ম জেলাব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন

আপলোড সময় : ১২-১১-২০২৬ ০৬:৫১:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ১২-১১-২০২৬ ০৬:৫১:২৭ অপরাহ্ন
শান্তিগঞ্জ প্রতিনিধি: কুরআনুল কারীমের নূর ছড়িয়ে পড়ুক বিশ্বময়"—এই প্রত্যয় নিয়ে সুনামগঞ্জের শান্তিগঞ্জে অনুষ্ঠিত হলো ৫ম হিফজুল কুরআন প্রতিযোগিতা। মরহুম হাজী সুন্দর আলী ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতায় জেলার বিভিন্ন মাদ্রাসার প্রায় একশত প্রতিযোগী অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সাথে অংশগ্রহণ করেন। ১২ নভেম্বর (বৃহস্পতিবার) শান্তিগঞ্জের অভিজাত ঝিলমিল অডিটোরিয়ামে দিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। মোহাম্মদ নূর আলীর সভাপতিত্বে এবং হাফিজ মাওলানা মিসবাহ উদ্দিন ও হাফিজ মাওলানা হোসাইন আহমদের মনোমুগ্ধকর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন অঞ্চলের শিক্ষক-শিক্ষার্থী। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই আয়োজনে শান্তিগঞ্জসহ সুনামগঞ্জ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত কুরআনের পাখিরা তাদের সুমধুর কন্ঠে পবিত্র কালামুল্লাহ তিলাওয়াত করে উপস্থিত শ্রোতা ও দর্শকদের মুগ্ধ করে। প্রতিযোগিতা শেষে বিজ্ঞ বিচারক মণ্ডলীর সূক্ষ্ম ও নিরপেক্ষ মূল্যায়নের ভিত্তিতে ২টি ভিন্ন বিভাগে সর্বমোট ২০ জন মেধাবী প্রতিযোগী বিজয়ী নির্বাচিত হন। পরে বিজয়ীদের হাতে সম্মাননা সনদপত্র নগদ অর্থ পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে আয়োজক কমিটির নেতৃবৃন্দ বলেন, "কুরআনে হাফেজরাই হলেন সমাজের আলোকবর্তিকা। নতুন প্রজন্মকে কুরআনমুখী করতে এবং তাদের নৈতিক ও ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস ভবিষ্যতেও অব্যাহত থাকবে।" পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং মরহুম হাজী সুন্দর আলী মাগফিরাত কামনা এবং তার পরিবারের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com