সুনামকণ্ঠ ডেস্ক ::
জাতীয় ছাত্রশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও জুলাই আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসিব আল ইসলামের ওপর হামলার ঘটনায় শ্রীমঙ্গল থানায় মামলা করা হয়েছে। গত মঙ্গলবার রাতে মামলাটি করেন এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব প্রীতম দাশ। মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের শ্রীমঙ্গল সরকারি কলেজ শাখার সাবেক যুগ্ম সাধারণ স¤পাদক হাবিবুর রহমানকে প্রধান আসামি করা হয়েছে।
মামলার এজাহার থেকে জানা গেছে, মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার রাধানগর এলাকার বালিশিরা রিসোর্টের সামনে এ হামলার ঘটনা ঘটে। হাসিব স্ত্রীকে নিয়ে শ্রীমঙ্গলে বেড়াতে গিয়েছিলেন। হাবিবুর রহমান ওরফে হাবিব (২৬) এবং অজ্ঞাতনামা আরও ১৫ জন দেশীয় অস্ত্র নিয়ে সংঘবদ্ধভাবে তাদের পথরোধ করেন বলে অভিযোগ করা হয়েছে। হামলাকারীরা হাসিবকে ‘জুলাই জঙ্গি’ বলে আখ্যা দেন। একপর্যায়ে তাকে হত্যার উদ্দেশ্যে লোহার রড ও চাপাতি দিয়ে আঘাত করেন তারা। এতে তিনি আহত হন। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়।
মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এনসিপির যুগ্ম আহ্বায়ক প্রীতম দাশের নেতৃত্বে একটি প্রতিনিধি দল শ্রীমঙ্গল থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন। পরে মামলা রেকর্ড করা হয়। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- মৌলভীবাজার জেলা এনসিপির আহ্বায়ক খালেদ হাসান, শ্রীমঙ্গল উপজেলা শাখার আহ্বায়ক দেওয়ান কয়েস আহমেদ এবং সাংগঠনিক স¤পাদক ইয়াসিন তালুকদার।
এদিকে হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে অটোরিকশায় থাকা হাসিবকে লক্ষ্য করে এক ব্যক্তিকে ‘জুলাই জঙ্গি’ বলে চিৎকার করতে দেখা যায়। পরে দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলার দৃশ্যও দেখা যায়।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুন বলেন, মামলার এজাহারে হাবিবুর রহমান নামে একজনের নাম উল্লেখ করা হয়েছে। সেই অনুযায়ী মূল হামলাকারীকে শনাক্ত করা হয়েছে। তাকে দ্রুত আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।