জলবায়ু পরিবর্তন ও দারিদ্র্যের যৌথ অভিঘাতে সুনামগঞ্জের হাওরাঞ্চলে শিশুদের পুষ্টিহীনতার ঝুঁকি বাড়ছে। আগাম বন্যা, পাহাড়ি ঢল, অনিয়মিত বৃষ্টিপাত, খরা ও তাপপ্রবাহে কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে। ফসলহানিতে কৃষিনির্ভর পরিবারগুলোর আয় কমছে, বাড়ছে খাদ্যসংকট। এর সরাসরি প্রভাব পড়ছে শিশুদের খাদ্যাভ্যাস ও স্বাস্থ্যে। অনেক পরিবার তিন বেলা খাবার জোগাড় করতেই হিমশিম খাচ্ছে। সেখানে শিশুদের মাছ, মাংস, ডিম, দুধ ও ফলমূলের মতো পুষ্টিকর খাবার দেওয়া অনেকটাই অসম্ভব হয়ে পড়েছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও ইউনিসেফের ২০১২-১৩ সালের মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে (এমআইসিএস) অনুযায়ী, সুনামগঞ্জে পাঁচ বছরের কম বয়সী শিশুদের ৪৯ দশমিক ৮ শতাংশ ছিল খর্বাকৃতির। ৬৪ জেলার মধ্যে এ হার ছিল সর্বোচ্চ। একই সময়ে ৪৩ দশমিক ৫ শতাংশ শিশুর ওজন ছিল বয়সের তুলনায় কম। সর্বশেষ জরিপে দেশে পাঁচ বছরের কম বয়সী শিশুদের ২৪ শতাংশ খর্বাকৃতির এবং সিলেট বিভাগে এ হার ৩২ শতাংশ। কিন্তু সুনামগঞ্জ জেলার পৃথক পরিসংখ্যান না থাকায় বর্তমান পরিস্থিতি সুনির্দিষ্টভাবে জানা যাচ্ছে না। শিশুদের মতো গুরুত্বপূর্ণ একটি বিষয়ে হালনাগাদ জেলা পর্যায়ের তথ্য না থাকা দুর্ভাগ্যজনক।
হাওরের শিশুদের পুষ্টিহীনতা কেবল খাদ্যসংকটের বিষয় নয়, এটি দারিদ্র্য, কৃষি উৎপাদন ও খাদ্যনিরাপত্তার সঙ্গে সম্পর্কিত। জলবায়ু পরিবর্তনের কারণে শাকসবজি ও ফলমূল উৎপাদন কমছে। গবাদিপশুর খাদ্যসংকটে দুধ উৎপাদনও ব্যাহত হচ্ছে। অন্যদিকে বাজারে পুষ্টিকর খাবারের উচ্চমূল্য দরিদ্র পরিবারের নাগালের বাইরে। ফলে পেট ভরানোর খাবার জুটলেও শিশুরা প্রয়োজনীয় পুষ্টি পাচ্ছে না।
এ পরিস্থিতি মোকাবিলায় সরকারের কার্যকর ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন। প্রথমেই উপজেলা ও ইউনিয়নভিত্তিক জরিপের মাধ্যমে অপুষ্টিতে ভোগা শিশুদের শনাক্ত করতে হবে। কমিউনিটি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে তাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, পুষ্টি পরামর্শ ও চিকিৎসা নিশ্চিত করতে হবে। বিশেষ করে পাঁচ বছরের কম বয়সী শিশু এবং গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়েদের পুষ্টির বিষয়টি অগ্রাধিকার দিতে হবে।
হাওরাঞ্চলের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে পুষ্টিকর টিফিন চালু করা সময়ের দাবি। অনেক শিশু না খেয়েই বিদ্যালয়ে আসে। ডিম, কলা, দুধ ও মৌসুমি ফলের মতো স্থানীয়ভাবে সহজলভ্য খাবার সরবরাহ করা গেলে শিশুদের পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি পড়াশোনায় মনোযোগ ও স্বাভাবিক বিকাশেও সহায়তা হবে।
পাশাপাশি জলবায়ু সহনশীল কৃষি ও স্থানীয় খাদ্য উৎপাদন বাড়াতে হবে। উঁচু বেড, মাচা ও ভাসমান বাগানের মাধ্যমে শাকসবজি চাষ, হাঁস-মুরগি ও গবাদিপশু পালন এবং দেশি মাছের প্রজননক্ষেত্র সংরক্ষণে বিশেষ উদ্যোগ নেওয়া প্রয়োজন। দরিদ্র কৃষকদের প্রণোদনা ও প্রশিক্ষণের ব্যবস্থাও করতে হবে।
মনে রাখতে হবে, শৈশবের অপুষ্টি শুধু শিশুর শারীরিক বৃদ্ধি ব্যাহত করে না, তার মেধা, শেখার ক্ষমতা ও ভবিষ্যৎ কর্মক্ষমতার ওপরও দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে। আজকের অপুষ্ট শিশু আগামী দিনের মানবসম্পদ। তাই তাদের পুষ্টি নিশ্চিত করাকে অনুদান বা দয়ার বিষয় হিসেবে দেখার সুযোগ নেই। এটি মৌলিক অধিকার এবং রাষ্ট্রের দায়িত্ব।
হাওরের শিশুদের ভবিষ্যৎ রক্ষায় এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা, দারিদ্র্য হ্রাস, পুষ্টিকর খাদ্যের সহজলভ্যতা এবং বিদ্যালয়ভিত্তিক খাদ্য কর্মসূচি নিশ্চিত করতে হবে। অন্যথায় অপুষ্টির অভিশাপ নিয়ে বেড়ে উঠবে হাওরের একটি প্রজন্ম, যার দায় কোনোভাবেই এড়াতে পারবে না রাষ্ট্র।