সুনামগঞ্জে ডিএনসির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২

আপলোড সময় : ১১-১১-২০২৬ ০৬:০৩:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ১১-১১-২০২৬ ০৬:০৩:৫৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জ সদর উপজেলার মঙ্গলকাটা ও হালুয়ারঘাট এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত পরিচালিত অভিযানে তাদের কাছ থেকে মোট ১৩ পিস ইয়াবা উদ্ধার ও জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুনামগঞ্জ সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের মঙ্গলকাটা গ্রামের মো. আবু সালেহ (৩০), তিনি মো. আবু হানিফের ছেলে। অপরজন একই উপজেলার সুরমা ইউনিয়নের মইনপুর গ্রামের মৃত মো. মজিবুর রহমানের ছেলে মো. সাজ্জাদুল (৩৫)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা পর্যন্ত অধিদপ্তরের সুনামগঞ্জ জেলা কার্যালয়ের 'খ' সার্কেলের একটি অভিযানিক দল সদর উপজেলার হালুয়ারঘাট বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বাজারের বাদশা মিয়ার পশ্চিম দুয়ারী ভাতের হোটেলের ভেতরে অবস্থানরত আবু সালেহর পরিহিত শার্টের সামনের বাম পাশের বুক পকেট থেকে ইয়াবা উদ্ধার করা হয়। অন্যদিকে, একই বাজারে জাহির মিয়ার চায়ের দোকানের ভেতরে অবস্থানরত সাজ্জাদুলের পরিহিত লুঙ্গির সামনের ডান কোচর থেকে ইয়াবা উদ্ধার করা হয়। দুই ব্যক্তির কাছ থেকে মোট ১৩ পিস ইয়াবা জব্দের পর তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২০)-এর ৩৬(১) সারণির ১০(ক) ও ৪১ ধারায় সুনামগঞ্জ সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. আতাউর রহমান সজীব। সুনামগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. আবুল হোসেন অভিযানের তথ্য নিশ্চিত করে জানান, মাদকবিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার ও দুইজনকে গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com