ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলার সুনই সেতু সংলগ্ন এলাকায় মঙ্গলবার বেলা সাড়ে ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অভিযান চালিয়ে অ্যাক্সেভেটর দিয়ে অবৈধভাবে মাটি কেটে তা লরি গাড়ি দিয়ে পরিবহন করে অন্যত্র নিয়ে যাওয়ার অপরাধে চারজন লরি চালককে এক মাসের করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপাওয়া ব্যক্তিরা হলেন কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার বিন্নাহাটি গ্রামের তোফাজ্জল হোসেন (২২), একই উপজেলার পোড়াবাড়ি গ্রামের সাদ্দাম মিয়া (২৫), সুলতানপুর গ্রামের মোহাম্মদ হাইয়্যুল মিয়া (৩৪) ও নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার কচুয়ারচর গ্রামের আলম মিয়া (৩২)। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনি রায় এই আদালত পরিচালনা করেন।
ধর্মপাশা থানার এসআই জহিরুল ইসলাম বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড পাওয়া চারজন ব্যক্তিকে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায় বলেন, অবৈধভাবে মাটি কেটে তা লরি গাড়ি দিয়ে পরিবহন করে অন্যত্র নিয়ে যাওয়ার অপরাধে চারজন লরি চালককে এই দণ্ড দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষে এমন অভিযান অব্যাহত থাকবে।