সুনামগঞ্জে র‍্যাবের অভিযানে ৫৭ বোতল বিদেশি মদ উদ্ধার

আপলোড সময় : ১০-১১-২০২৬ ১২:৪২:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ১০-১১-২০২৬ ১২:৪২:১৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫৭ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। তবে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মদভর্তি একটি বস্তা ফেলে পালিয়ে গেছেন অজ্ঞাতনামা ২-৩ ব্যক্তি। ফলে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। সোমবার (৯ নভেম্বর) রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটে সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের উত্তর ডলুরা শহীদ মিনার এলাকা থেকে দক্ষিণ ডলুরাগামী একটি কাঁচা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। র‍্যাব-৯-এর সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, উত্তর ডলুরা শহীদ মিনারসংলগ্ন সড়কে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছেন। এমন তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক ৯টা ৫ মিনিটে র‍্যাবের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা ২-৩ ব্যক্তি একটি সাদা প্লাস্টিকের বস্তা ফেলে কৌশলে পালিয়ে যান। পরে ঘটনাস্থলে পড়ে থাকা বস্তাটি তল্লাশি করে ৫৭ বোতল বিদেশি মদ উদ্ধার করেন র‍্যাব সদস্যরা। র‍্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ধার করা মদ জব্দ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সুনামগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পলাতক অজ্ঞাতনামা ২-৩ ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। র‍্যাব-৯ জানায়, মাদকদ্রব্যের বিস্তার রোধ এবং মাদক কারবারের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের তৎপরতা অব্যাহত থাকবে। মঙ্গলবার র‍্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com