স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরে অবৈধ জাল ব্যবহার করে মাছ শিকারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার (৯ নভেম্বর) পরিচালিত অভিযানে হাওরসংলগ্ন বিভিন্ন বিল থেকে প্রায় ৬ লাখ টাকা মূল্যের অবৈধ জাল জব্দ করা হয়।
জব্দ করা জালের মধ্যে রয়েছে ২টি কোনা জাল, দেড় শতাধিক চায়না দুয়ারি জাল এবং ২০টি মশারি জাল। পরে জব্দকৃত সব জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
অভিযানটি পরিচালনা করেন তাহিরপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএমএসআর আলিফ। অভিযানে কোনো মামলা বা অর্থদণ্ড দেওয়া হয়নি এবং কাউকে অভিযুক্ত করা হয়নি।
হাওরের মৎস্যসম্পদ রক্ষা এবং অবৈধ জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।