স্টাফ রিপোর্টার ::
ছাতকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৭০ হাজার শলাকা অবৈধ ভারতীয় বিড়িসহ মো. আজিম উদ্দিন (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা বিড়ির আনুমানিক বাজারমূল্য ২ লাখ ১০ হাজার টাকা।
রবিবার (৮ নভেম্বর) রাত ৯টা ৫ মিনিটে ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের লক্ষীপাশা এলাকায় গ্রেপ্তার আজিম উদ্দিনের বসতঘরে অভিযান চালিয়ে এসব বিড়ি জব্দ করা হয়।
জেলা গোয়েন্দা শাখার এসআই আব্দুর রহিম জিবানের নেতৃত্বে এএসআই মোহাম্মদ রৌশন আলী, এএসআই মো. ইসমাইল হোসেন ও কনস্টেবল কাওছার আহমদ অন্তর এ অভিযান পরিচালনা করেন।
পুলিশ জানায়, অভিযানে আজিম উদ্দিনের হেফাজতে থাকা ১০টি প্যাকেটে মোট ৭০ হাজার শলাকা ভারতীয় অবৈধ ‘শেখ নাসিরুদ্দিন’ বিড়ি উদ্ধার করা হয়। চোরাচালানের মাধ্যমে এসব বিড়ি ভারত থেকে অবৈধভাবে আনা হয়েছিল বলে পুলিশের দাবি।
এ ঘটনায় গ্রেপ্তার আজিম উদ্দিনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের সংশ্লিষ্ট ধারায় ছাতক থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।