স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জে জাতীয় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার প্রতিষ্ঠা ও রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টায় সরকার ঘোষিত ন্যূনতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়ন সংগ্রাম কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
এ উপলক্ষে শহরের রায়পাড়ায় সংগঠনের অস্থায়ী কার্যালয় থেকে লাল পতাকাসহ একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আলফাত স্কয়ারে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সংগ্রাম কমিটির যুগ্ম আহ্বায়ক সুরঞ্জিত দাসের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক টিটু দাসের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি সুখেন্দু তালুকদার মিন্টু, সুনামগঞ্জ জেলা হোটেল রেস্তোরাঁ মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়নের সহসাধারণ স¤পাদক স্বপন মিয়া, প্রচার স¤পাদক আল আমিন, লিটন দাস, সুশীল দাস ময়না, আঙ্গুর মিয়া ও মতিউর রহমান প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, দফায় দফায় গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বাড়ানোর ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য লাগামহীনভাবে বেড়েছে। এতে শ্রমজীবী ও সাধারণ মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে। এ পরিস্থিতিতে অবিলম্বে জাতীয় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা ঘোষণা, গ্যাস-বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম কমানো এবং সর্বস্তরের শ্রমিক ও সাধারণ মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালু করতে হবে।
তাঁরা তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে চলমান আন্দোলনের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেন। একই সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে শ্রমিকদের ওপর নির্যাতন, হামলা ও বাড়ি বাড়ি তল্লাশির নিন্দা জানিয়ে গ্রেপ্তার ধশ্রমিক নেতাদের নিঃশর্ত মুক্তি এবং শ্রমিকদের ন্যায়সংগত দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, বিশ্বব্যাপী সাম্রাজ্যবাদী দেশগুলো তাদের অতিউৎপাদন সংকট থেকে উত্তরণের পথ হিসেবে যুদ্ধকে বেছে নিচ্ছে। এর ফলে বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বাংলাদেশের ভূরাজনৈতিক ও রণনীতিগত গুরুত্বকে কেন্দ্র করে আন্তঃসাম্রাজ্যবাদী প্রতিযোগিতা ও আগ্রাসী তৎপরতা বাড়ছে বলেও তাঁরা মন্তব্য করেন। এ পরিস্থিতিতে সাম্রাজ্যবাদ, সামন্তবাদ ও আমলা-দালাল পুঁজির শোষণের বিরুদ্ধে শ্রমিক শ্রেণির নেতৃত্বে জাতীয় গণতান্ত্রিক বিপ্লব অগ্রসর করার আহ্বান জানান বক্তারা।