মানুষের ভালোবাসায় লোকালয়ে গড়ে উঠেছে পাখিদের অভয়াশ্রম

আপলোড সময় : ০৬-১১-২০২৬ ১০:০২:১২ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৬-১১-২০২৬ ১০:০২:৫৪ পূর্বাহ্ন
বিশেষ প্রতিনিধি::
লোকালয়ের মাঝেই যেন পাখিদের এক নিজস্ব রাজ্য। গাছের ডালে ডালে হাজারো পানকৌড়ির বসতি, দল বেঁধে ওড়াউড়ি আর কলকাকলিতে মুখর চারপাশ। পাখিদের এই আবাসস্থল রক্ষায় নিজেদের ভোগান্তি উপেক্ষা করে বছরের পর বছর পাহারা দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা। মানুষের ভালোবাসা ও সচেতনতায় সুনামগঞ্জের শাল্লা উপজেলায় গড়ে উঠেছে পানকৌড়ির এক অনন্য অভয়াশ্রম। উপজেলা সদরের বাহাড়া ইউনিয়ন পরিষদ ও থানার সামনের গাছগুলোতে দীর্ঘদিন ধরে বসবাস করছে কয়েক হাজার পানকৌড়ি। মানুষের বসতির একেবারে কাছেই গড়ে ওঠা পাখিদের এই আবাসস্থল এখন এলাকার পরিচিত দৃশ্য। প্রতিঅদিন সকাল-সন্ধ্যা পাখিদের ওড়াউড়ি আর ডাকাডাকিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। হাজারো পাখির বসতি হওয়ায় কিছুটা ভোগান্তিও পোহাতে হয় স্থানীয়দের। গাছের নিচে পাখির বিষ্ঠায় নোংরা হয় আশপাশের পরিবেশ, চলাচলেও তৈরি হয় অসুবিধা। তবে পাখিদের প্রতি ভালোবাসার কাছে এসব ভোগান্তি যেন তুচ্ছ। নিজেদের অসুবিধা মেনে নিয়েই পাখিগুলোকে নিরাপদে বসবাসের সুযোগ করে দিচ্ছেন তারা। স্থানীয়রা জানান, পাখিদের কেউ যেন বিরক্ত করতে কিংবা কোনো ধরনের ক্ষতি করতে না পারে, সেদিকে সবসময় নজর রাখেন তারা। গাছে ঢিল ছোড়া, পাখির বাসা নষ্ট করা কিংবা শিকার করার মতো ঘটনা ঠেকাতে সচেতন রয়েছেন এলাকাবাসী। বছরের পর বছর ধরে মানুষের এমন দায়িত্বশীল আচরণেই নিরাপদে টিকে আছে পাখিদের এই আবাসস্থল। শুধু পানকৌড়িই নয়, শীতের আগমনে এখানে আশ্রয় নেয় বিভিন্ন প্রজাতির অতিথি পাখি। তাদের উপস্থিতিতে পাখিদের এই আবাসস্থল হয়ে ওঠে আরও প্রাণবন্ত। পাখিদের ওড়াউড়ি আর কলকাকলিতে মুগ্ধ হন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। প্রকৃতির প্রতি মানুষের ভালোবাসা যে বন্য প্রাণীর নিরাপদ আবাস গড়ে তুলতে পারে, শাল্লার এই পানকৌড়ির অভয়াশ্রম তারই দৃষ্টান্ত। নিজেদের সামান্য ভোগান্তি উপেক্ষা করে হাজারো পাখিকে আগলে রাখার এই উদ্যোগ হয়ে উঠেছে মানুষ ও প্রকৃতির সহাবস্থানের এক অনন্য উদাহরণ। বাহাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ রায় নান্টু বলেন, দীর্ঘদিন ধরে এখানে হাজার হাজার পানকৌড়ি নিরাপদে বসবাস করছে। পাখিগুলো এলাকার প্রাকৃতিক সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি জীববৈচিত্র্য রক্ষায়ও ভূমিকা রাখছে। স্থানীয় বাসিন্দারা নিজেদের কিছুটা অসুবিধা মেনে নিয়েও পাখিগুলোকে ভালোবেসে আগলে রেখেছেন। পাখিদের নিরাপত্তা নিশ্চিত করতে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকেও সচেতনতামূলক উদ্যোগ নেওয়া হবে। এই অভয়াশ্রম যেন ভবিষ্যতেও অক্ষত থাকে, সে লক্ষ্যে সবাইকে এগিয়ে আসতে হবে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com