স্টাফ রিপোর্টার ::
বিদেশে বসে এখন থেকে সুনামগঞ্জ জেলা প্রশাসনের গণশুনানিতে অংশ নিতে পারবেন প্রবাসী বাংলাদেশিরা। তাদের অভিযোগ, সমস্যা, আবেদন ও মতামত সরাসরি শোনার সুযোগ করে দিতে অনলাইনে জুম (তড়ড়স) মিটিংয়ের মাধ্যমে যুক্ত হওয়ার ব্যবস্থা চালু করেছে জেলা প্রশাসন। বুধবার (৪ নভেম্বর) জেলা প্রশাসন, সুনামগঞ্জের নিজস্ব ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনসাধারণের অভিযোগ, সমস্যা ও মতামত শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে প্রতি বুধবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে গণশুনানি অনুষ্ঠিত হয়। এত দিন সরাসরি উপস্থিত হয়ে এই শুনানিতে অংশ নেওয়ার সুযোগ থাকলেও নতুন ব্যবস্থায় বিদেশে অবস্থানরত প্রবাসীরাও অনলাইনে যুক্ত হতে পারবেন।
এ উদ্যোগের ফলে প্রবাসীরা দেশের বাইরে থেকেও তাদের বিভিন্ন সমস্যা, অভিযোগ ও আবেদন সরাসরি জেলা প্রশাসনের কাছে তুলে ধরতে পারবেন। একই সঙ্গে প্রশাসনের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে তাঁদের ভৌগোলিক দূরত্বও বাধা হয়ে থাকবে না।
বিজ্ঞপ্তিতে গণশুনানিতে যুক্ত হওয়ার জন্য জুম মিটিং আইডি ৬০২ ২৬১ ৭৯৯১ এবং পাসকোড ১২৩৪৫৬ দেওয়া হয়েছে। প্রতি বুধবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সরাসরি উপস্থিত হয়ে অথবা নির্ধারিত জুম লিংকের মাধ্যমে অনলাইনে এ শুনানিতে অংশ নেওয়া যাবে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনবান্ধব, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক প্রশাসনিক সেবা নিশ্চিত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।