শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের

আপলোড সময় : ০১-১১-২০২৬ ১১:৩৭:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ০১-১১-২০২৬ ১১:৪০:২৭ অপরাহ্ন
বিশ্বজিত রায়, বিশ্বম্ভরপুর থেকে ফিরে ::
শীত আসতে এখনও মাসদেড়েক বাকি। শীতের আগাম সবজি চাষে তুমুল ব্যস্ততা কাজ করছে সুনামগঞ্জের সবজি চাষীদের মাঝে। কৃষকের শ্রমে ঘামে শিমের বুকসমান মাচা ঢাকা পড়েছে সবুজ লতাপাতায়। বেগুনি ফুলে ছেয়ে গেছে শিম বাগান এলাকা। শিমের খয়েরি লতার উপর পেখম মেলা ফুলগুলো ফলনের সম্ভাবনা জাগিয়ে তুলেছে। উৎপাদন বাড়াতে খেতে কীটনাশক প্রয়োগ ও পরিচর্যা করতে দেখা যায় সবজি চাষীদের।

শুক্রবার সরেজমিনে কথা হয় বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের চেংবিল গ্রামের সবজি চাষী মো. জাহাঙ্গীর মিয়ার সাথে। এ সময় শিম খেতে কীটনাশক প্রয়োগ করছিলেন তিনি। তিন কিয়ার (৩০ শতকে কিয়ার) জমিতে ‘কিরণমালা’ (লাল শিম) চাষ করেছেন। শ্রাবণ মাস থেকে এ পর্যন্ত বীজ, বপন, হালচাষ, কীটনাশক, সার প্রয়োগ বাবদ প্রায় লাখ টাকা খরচ হয়েছে তাঁর। জাহাঙ্গীর মিয়া বলেন, সবেমাত্র বিক্রি শুরু হয়েছে। শিমের কেজি এখন ৮০-৯০ টাকা। ১৫-২০ হাজার টাকার শিম বিক্রি করেছি। যেটুকু আবাদ করেছি তাতে ভালো ফলন হলে তিন লাখ টাকার শিম উৎপাদন হবে। খরচ বাদ দিলে আয় হবে লাখদুয়েক টাকা।

সরকারের প্রণোদনা বঞ্চিত এই কৃষক বলেন, পাইকাররা এখান থেকে সবজি কিনে দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করে। এতে পার্শ্ববর্তী জেলা-উপজেলাসহ অনেক জায়গার সবজি চাহিদা পূরণ হয়। সরকারি সহায়তা পেলে চাষাবাদ আর বাড়বে।

নয় কিয়ার জমিনে শিম, করলা, বেগুনসহ কয়েক জাতের সবজি চাষ করেছেন একই গ্রামের কৃষক আব্দুস সালাম। শিম খেতে শ্রমিক দিয়ে কীটনাশক প্রয়োগের কাজ তদারকি করছিলেন তিনি। সবজি চাষ প্রসঙ্গে আব্দুস সালাম জানান, এ পর্যন্ত তিন লক্ষাধিক টাকা খরচ হয়েছে। ভালো উৎপাদন হলে আবাদকৃত সবজিতে পাঁচ-ছয় লাখ টাকা লাভের আশা তাঁর। সবজি বিক্রি হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, কয়েকদিন আগে ৯০ টাকা কেজি দরে তিন মণ শিম বিক্রি করেছি। এই এলাকায় করলা, কপি, চিচিংগা, শসা, মরিচ, বেগুন, টমেটো, লাউ, ক্ষিরাসহ হরেক জাতের সবজি চাষ হয়। এখানকার প্রায় সবাই কমবেশি সবজি আবাদ করেন। এ থেকে ভালো আয়-রোজগার হয়।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, সুনামগঞ্জের সব উপজেলাতেই কমবেশি সবজি চাষ হয়। সবচেয়ে বেশি আবাদ হয় বিশ্বম্ভরপুর উপজেলায়। আবাদের দিক থেকে এর পরের অবস্থানে আছে সুনামগঞ্জ সদর, তাহিরপুর ও জামালগঞ্জ উপজেলা। এ বছর সবজি আবাদের লক্ষ্যমাত্রা ১২ হাজার ৭৭১ হেক্টর। গত বছর ১২ হাজার ৬১৯ হেক্টর জমিতে সবজি আবাদ হয়েছিল। চলতি বছর এ পর্যন্ত ১ হাজার ৯৪০ হেক্টর জমিতে সবজি আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ২৫ হাজার ৯১৬ মেট্রিক টন। গেল মৌসুমে উৎপাদন হয়েছিল ৩ লাখ ২১ হাজার ৩৭৭ মেট্রিক টন।
জামালগঞ্জ সদর উপজেলার চাঁনপুর গ্রামের জাহাঙ্গীর আলম জানিয়েছেন, সোনাপুর, চাঁনপুর, মান্নানঘাট, সেলিগঞ্জ, লক্ষ্মীপুর, লালপুর, ভূতিয়ারপুরসহ ১০-১২টি গ্রামের প্রায় পাঁচ শতাধিক পরিবার সবজি চাষে সম্পৃক্ত। কেউ বীজতলা প্রস্তুত করছেন। কেউ বেগুন, মরিচ, ছোট করলা (উস্তিয়া), শিম ও টমেটোর চারা রোপণ শেষে পরিচর্যার কাজে ব্যস্ত রয়েছেন।
জাহাঙ্গীর আলম জানান, এ বছর ১৩-১৪ কিয়ার জমিনে সবজি আবাদ করেছেন তিনি। এখন পর্যন্ত দুই লক্ষাধিক টাকা খরচ হয়েছে। ফলন বাজারজাত করার আগ পর্যন্ত আরও প্রায় পাঁচ লক্ষ টাকা খরচ হতে পারে। প্রকৃতি ও বাজার ভালো থাকলে এ জমি থেকে ১৫-২০ লক্ষ টাকার সবজি উৎপাদনের সম্ভাবনা আছে। এক্ষেত্রে সরকারি সহায়তা কিংবা মাঠপর্যায়ে কৃষি অধিদপ্তর কর্তৃক কোন পরামর্শ ও সহযোগিতা পাচ্ছেন না বলে জানিয়েছেন তিনি।
এ ব্যাপারে সলুকাবাদ ইউনিয়ন পরিষদের সদস্য (৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড) খোরশেদা আক্তার বলেন, আমার ওয়ার্ডের প্রায় পুরাটাই সবজি বাগান। লাউ, চাল কুমড়া, মিষ্টি কুমড়া, কপি, শিমসহ অনেক জাতের সবজি চাষ হয় এখানে। এই সবজি বিভিন্ন জায়গায় যায়। ইতিমধ্যে সবজি বিক্রি শুরু হয়েছে। কৃষকরা পরিশ্রম করে নিজেদের খরচে সবজি আবাদ করলেও সরকারি কোন সুবিধা পাচ্ছে না। কৃষকের সুবিধার্থে সার, বীজ, কীটনাশকসহ আর্থিক প্রণোদনা দিতে হবে।

সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক বলেন, জেলার প্রায় সব উপজেলাতেই কমবেশি সবজি আবাদ হয়। গত মৌসুমে প্রণোদনা হিসেবে সার ও বীজ দেওয়া হয়েছিল। তবে চলতি মৌসুমে এখন পর্যন্ত কোন সহায়তা পাওয়া যায়নি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পর্যাপ্ত লোকবল না থাকায় অনেক উপজেলায় মাঠপর্যায়ে চাষীদের পরামর্শ ও সহযোগিতা সম্ভব হয় না। সবজি চাষে সমস্যার সম্মুখীন হলে চাষীদের উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তার শরণাপন্ন হওয়ার পরামর্শ দেন তিনি।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com