মধ্যনগর প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলার কেশবপুর গ্রামের মাঠে রবিবার সকালে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে নারী-পুরুষসহ পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার কেশবপুর গ্রামের খেলার মাঠের উত্তর পাশে থাকা ৫৩শতক বোরো জমি নিয়ে একই গ্রামের হীরা মিয়া (২৮) ও সোহেল মিয়ার (৪০) মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। রবিবার সকাল সাতটার দিকে কেশবপুর গ্রামের মাঠে দুই পক্ষের লোকজনদের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বেধে গেলে খোকন মিয়া (৪৫), তার মেয়ে ফাইমা আক্তার (১৪), সোহেল মিয়া (৪০)সহ পাঁচজন আহত হন। এদের মধ্যে খোকন মিয়াকে গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার ওইদিনই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। আহত অন্যান্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।