স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. শিবলু (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে সুনামগঞ্জ পৌর শহরের জামতলা এলাকার একটি বসতবাড়িতে মাদক কেনাবেচার উদ্দেশ্যে কয়েকজনের অবস্থানের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বুধবার (২৮ অক্টোবর) এসআরবি-৯ এর সিলেট সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, মঙ্গলবার রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯-এর সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল জানতে পারে, সুনামগঞ্জ সদর মডেল থানার আওতাধীন পৌরসভার জামতলা এলাকার একটি বসতবাড়িতে কয়েকজন ব্যক্তি মাদক কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছেন। খবর পেয়ে রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে দলটি ঘটনাস্থলে পৌঁছলে এক ব্যক্তি পালানোর চেষ্টা করে। এ সময় তাকে আটক করা হয়। পরে আটক ব্যক্তির দেহ তল্লাশি করে তার প্যান্টের পকেটে থাকা ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার মো. শিবলু সুনামগঞ্জ সদর উপজেলার দক্ষিণ আরপিননগর এলাকার বাসিন্দা। তার বাবার নাম মৃত সারব মিয়া।
এসআরবি’র দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিবলু জানিয়েছেন, তিনি সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন।
এসআরবি-৯ জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর তাকে উদ্ধার করা ইয়াবাসহ সুনামগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে