জাহাঙ্গীরনগর ইউপিতে চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেনের ঘোষণা

আপলোড সময় : ২৭-১০-২০২৬ ০৪:২৩:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-১০-২০২৬ ০৪:৩৮:৫১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন ব্যবসায়ী ও বিএনপি নেতা মো. আনোয়ার হোসেন। সোমবার রাত ৯টায় মঙ্গলকাটা বাজার এলাকায় নিজ বাড়িতে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।
বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সঞ্চালনা করেন ব্যবসায়ী মো. জাকির হোসেন।

সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন চেয়ারম্যান প্রার্থী মো. আনোয়ার হোসেন। এ সময় তিনি বলেন, বিগত সময়ে তাঁদের দল ক্ষমতায় না থাকায় নির্বাচনে প্রত্যাশিত ভোট পাননি। এবার তিনি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। নির্বাচিত হলে রাস্তাঘাটের উন্নয়নসহ ইউনিয়নের সব শ্রেণি পেশার মানুষের জীবনমান উন্নয়নে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন তিনি।
আনোয়ার হোসেন আরও বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে তাঁকে একাধিকবার কারাবরণ করতে হয়েছে। ওই সময়ে ভয়ে দিন-রাত ধান খেতে লুকিয়ে থাকতে হয়েছে এবং পালিয়ে বেড়াতে হয়েছে।
তিনি বলেন, নানা ঝুঁকি নিয়ে জানমাল বাজি রেখে রাজপথে মূখোমুখি আন্দোলনে ছিলাম। বর্তমান এমপি নূরুল ইসলাম নূরুলের নেতৃত্বে প্রতি আন্দোলনের ডাকে সাড়া দিয়ে আন্দোলনে অংশ নিয়েছি। আজ সে কথা স্মরণ রেখে যদি দল আমাকে সমর্থন দেয়, তবে দল থেকে আরো সহযোগিতা পাবো।
সভায় বক্তব্য দেন জাহাঙ্গীরনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ মো. আব্দুল লতিফ, ইউনিয়ন বিএনপির সহ-সম্পাদক জুবায়ের আহমদ, বিএনপি নেতা আবু তাহের জিলানী, ইব্রাহীম হোসেন, সমাজসেবক মো. আবু তাহের, ব্যবসায়ী মো. গিয়াস উদ্দিন ও আব্দুল হানিফ। 
বক্তারা বলেন, আনোয়ার হোসেন একজন সচেতন ও ভালো মানুষ। এলাকার উন্নয়নের স্বার্থে যোগ্য প্রার্থী নির্বাচন করা প্রয়োজন। এ ক্ষেত্রে নিজেদের অবস্থান থেকে ন্যায়সংগত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তাঁরা।
বক্তারা আরও বলেন, জাহাঙ্গীরনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে একাধিক প্রার্থীর নাম আলোচনায় রয়েছে। তাই সবার সুচিন্তিত মতামতের ভিত্তিতে যোগ্য প্রার্থী নির্বাচন এবং প্রার্থীর সংখ্যা কমিয়ে আনার বিষয়ে উদ্যোগ নেওয়া প্রয়োজন।
সভায় আরও উপস্থিত ছিলেন কফিল উদ্দিন, কবির হোসেন, খাগেরগাঁওয়ের কফিল উদ্দিন, বিএনপি নেতা খলিল মিয়া, আব্দুশ শুকুর মোল্লা, আব্দুল কাদিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। 
মতবিনিময় সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। সভায় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com