স্টাফ রিপোর্টার ::
ছাতক উপজেলার জাউয়াবাজারে ১৩০ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল পৌনে পাঁচটার দিকে জাউয়াবাজারের জিকির আলী সুপার মার্কেট থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ছাতক উপজেলার জাউয়া এলাকার মৃত হারুন মিয়ার ছেলে কয়ছর আহমদ (৩২) ও একই এলাকার আলী হোসেন (৩৮)।
পুলিশ সূত্রে জানা গেছে, জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোস্তফা কামালের নির্দেশনায় উপপরিদর্শক (এসআই) শেখ মিরাজ আহমদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন। এ সময় তাদের কাছ থেকে ১৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার কয়ছর আহমদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।