সুরমা নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার

আপলোড সময় : ২২-১০-২০২৬ ১২:৫২:১৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ২২-১০-২০২৬ ১২:৫২:১৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: শারদীয় দুর্গোৎসবের মহানবমীর সন্ধ্যায় নিখোঁজ হয়েছিল ৯ বছর বয়সী অদিতি রায় ঐতি। রাতভর খোঁজাখুঁজির পর বুধবার (২১ অক্টোবর) ভোরে জামালগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামের পাশের নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। অদিতি উপজেলার দুর্গাপুর গ্রামের মনোজ রায় ও রুবি রায়ের কন্যা। তার মৃত্যুতে পরিবার, স্বজন ও গ্রামজুড়ে শোকের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে অদিতিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা প্রথমে বাড়ির আশপাশসহ পরিচিত বিভিন্ন স্থানে খোঁজ করেন। পরে আত্মীয়স্বজন ও স্থানীয় বাসিন্দারাও খোঁজাখুঁজিতে যোগ দেন। রাতভর চেষ্টা করেও তার সন্ধান পাওয়া যায়নি। বুধবার ভোর আনুমানিক ৫টা ১৫ মিনিটে গ্রামের পাশের নদীতে শিশুটির মরদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে খবর পেয়ে পুলিশ ও সংশ্লিষ্ট প্রশাসনের লোকজন মরদেহ উদ্ধার করেন। স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের ধারণা, পানিতে ডুবে অদিতির মৃত্যু হয়ে থাকতে পারে। তবে তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে বুধবার সকাল আনুমানিক ৯টার দিকে ঘটনাস্থল ও শিশুটির বাড়িতে যান জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদক, সহকারী কমিশনার (ভূমি) আরিফুর রহমান, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকার ও ইউপি প্রশাসনিক কর্মকর্তা প্রদীপ কুমার রায়। জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক বলেন, শিশুটির মৃত্যুর খবর পেয়ে আমরা ঘটনাস্থল ও পরিবারের সঙ্গে দেখা করেছি। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছি। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করে মরদেহ সৎকারের বিষয়ে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com