মঙ্গলকাটা বাজারে গলিপথ বন্ধের চেষ্টা, সংঘর্ষে আহত ৬

আপলোড সময় : ২২-১০-২০২৬ ১২:৩৪:৩৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ২২-১০-২০২৬ ১২:৩৪:৩৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের মঙ্গলকাটা বাজারে দোকানঘরের সামনের অংশ ও গলিপথ বন্ধ করে দেয়াল নির্মাণের চেষ্টাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত ১৭ অক্টোবর (শনিবার) সকাল ১১টার দিকে বাজারে এ ঘটনা ঘটে। এতে ছয়জন আহত হয়েছেন। গুরুতর আহত আব্দুস সালাম (৪৫), আহত ব্যবসায়ী আবুল কালাম (৫৫), প্রভাষক খুরশেদ আলম (৪০), ব্যবসায়ী জহির মিয়া (৩৫), নজরুল ইসলাম (৪০) ও হেলাল মিয়া (৩৫) সদর হাসপাতালে ভর্তি আছেন। তাদের মধ্যে হেলাল মিয়াকে গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানাযায়, মঙ্গলকাটা বাজারের প্রধান সড়কসংলগ্ন একটি দোকানঘরের সামনের অংশ ও পাশের গলিপথ বন্ধ করে দেয়াল নির্মাণের চেষ্টা করেন পার্শ্ববর্তী দোকানের মালিক হারুন মিয়া ও লেদু মিয়াসহ তাদের লোকজন। এ সময় আব্দুস সালাম ও তার পক্ষের লোকজন চলাচলের পথ বন্ধ করার চেষ্টায় বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্বিত-ার একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে বাজারের ওই গলিপথ বন্ধ করে স্থাপনা নির্মাণের পরিকল্পনা চলছিল। শনিবার দেয়াল নির্মাণের চেষ্টা করা হলে আব্দুস সালাম ও অন্যরা বাধা দেন। এ নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। আহত ব্যবসায়ী আবুল কালাম জানান, মঙ্গলকাটা বাজার এলাকার ঘাসীগাঁও মৌজার ২০৫৪ ও ২৬৭৬ নম্বর খতিয়ান-সংশ্লিষ্ট ২৬৭৬ দাগে আব্দুস সালামের দোকান রয়েছে। দোকানের পাশেই গলিপথটি অবস্থিত। তার অভিযোগ, ২৬৮৭ দাগের মালিক হারুন মিয়াসহ অন্যরা গলিপথটি বন্ধ করে দেয়াল নির্মাণের চেষ্টা করেন। এতে বাধা দেওয়াকে কেন্দ্র করেই সংঘর্ষের ঘটনা ঘটে। আহত প্রভাষক খুরশেদ আলম বলেন, দীর্ঘদিন ধরে গলিপথ বন্ধ করে স্থাপনা নির্মাণের পরিকল্পনা করছিলেন হারুন মিয়াসহ সংশ্লিষ্টরা। এতে বাধা দেওয়ায় মারামারির ঘটনা ঘটে। এ বিষয়ে সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, শহরতলির জাহাঙ্গীরনগর ইউনিয়নের মঙ্গলকাটা বাজারে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ দায়ের করা হলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com