দিরাইয়ে মাদকবিরোধী সভার পর প্রবাসী লিমনের ওপর হামলার অভিযোগ

আপলোড সময় : ২০-১০-২০২৬ ০১:৫২:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ২০-১০-২০২৬ ০১:৫৩:৪৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের দিরাইয়ে মাদকবিরোধী আলোচনা সভা আয়োজনের কয়েক দিন পর পর্তুগালপ্রবাসী লিমন তালুকদারের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলার অভিযোগ উঠেছে।
গত সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চরনারচর ইউনিয়নের মিলনবাজারের তালুকদার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ৮টার দিকে আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তিনি চিকিৎসা নেন।
এ ঘটনায় মহসিন তালুকদার, রাসেল তালুকদার, ছাত্রদল নেতা সুইটন তালুকদার, আজিজ ও ইসমাইল তালুকদারসহ কয়েকজনের বিরুদ্ধে হামলায় জড়িত থাকার অভিযোগ উঠেছে। তবে হামলার কারণ এবং অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য অভিযুক্ত ছাত্রদল নেতা সুইটন তালুকদারের ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি কল রিসিভ করেননি। তাই অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্যও পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ অক্টোবর ‘মিলনবাজার অষ্টগ্রামবাসী’র ব্যানারে মিলনবাজারে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রবীণ ব্যক্তি আলিফ মিয়া তালুকদারের সভাপতিত্বে সভায় প্রধান আলোচ্য বিষয় ছিল মাদকের বিস্তার রোধ এবং স্থানীয় পর্যায়ে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি। সভায় বক্তব্য দেন দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল জলিল, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শামসুল তালুকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সভা আয়োজনে সার্বিক সহযোগিতা করেন পর্তুগালপ্রবাসী লিমন তালুকদার। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মাদকবিরোধী ওই সভার পর থেকে লিমন তালুকদার বিভিন্নভাবে বিরোধিতার মুখে পড়েন। এর কয়েক দিনের মধ্যে তাঁর ওপর হামলার ঘটনা ঘটে। ফলে সভার সঙ্গে হামলার কোনো সম্পর্ক রয়েছে কি না, তা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।
তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রমাণিত যোগসূত্র পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দারা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে হামলার প্রকৃত কারণ উদ্‌ঘাটন, জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে এলাকায় মাদকবিরোধী কার্যক্রম পরিচালনাকারীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, হামলার ঘটনা শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com