স্টাফ রিপোর্টার ::
পারিবারিক কলহের জেরে নিজ বসতঘরে ৭০ বছর বয়সী মাকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। ঘটনার পর পরই স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত সন্তানকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত ছেলের নাম নূর আলম (৪৫)।
শুক্রবার (১৬ অক্টোবর) ভোর আনুমানিক ৫টার দিকে সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের কাইয়ারগাঁও মধ্যপাড়া গ্রামে এই হত্যাকা-ের ঘটনা ঘটে। নিহত বৃদ্ধার নাম রেজিয়া খাতুন (৭০)। তিনি ওই গ্রামের মৃত হাসান উদ্দিনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, ভোরে কাইয়ারগাঁও মধ্যপাড়া গ্রামে রেজিয়া খাতুনের টিনের বসতঘরে পারিবারিক কলহের জের ধরে বাগবিত-া শুরু হয়। একপর্যায়ে বড় ছেলে নুরু আলম ধারালো দা দিয়ে তার বৃদ্ধা মায়ের গলায় সজোরে কোপ দেয়। এতে ঘটনাস্থলেই মেঝেতে রক্তাক্ত অবস্থায় ঢলে পড়ে মারা যান রেজিয়া খাতুন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্ত যুবককে আটক করে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ। পরে, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
স্থানীয়রা জানান, নিহত রেজিয়া খাতুন (৭০) তার ছেলে নূর আলমের সঙ্গেই থাকতেন। নূর আলমের কাজ কর্ম না থাকায় অভাব অনটন ছিল নিত্য। এ কারণে প্রায়ই তার বৃদ্ধ মায়ের সঙ্গে তার ঝগড়া হতো। একই কারণে সংসার থেকে স্ত্রী ও সন্তান চলে যাওয়ার পর তার মানসিক সমস্যা দেখা দেয় বলেও জানান স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম মানিক।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন শেখ বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আসামিকে আমাদের হেফাজতে নেয়া হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম চলমান।