কালবেলা’র প্রতিষ্ঠাবার্ষিকীতে বই পেল সুবিধাবঞ্চিত নার্গিস

আপলোড সময় : ১৭-১০-২০২৬ ০৯:৪২:০৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৭-১০-২০২৬ ০৯:৫২:২১ পূর্বাহ্ন
দিরাই প্রতিনিধি :: সংসারের অভাব-অনটনের মধ্যেও পড়াশোনা চালিয়ে যাচ্ছে ১৪ বছর বয়সী নার্গিস ইসলাম। কিন্তু আর্থিক সংকটে প্রয়োজনীয় সহায়ক বই কিনে দিতে পারছিলেন না দিনমজুর বাবা। এবার দৈনিক কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নার্গিসের হাতে তুলে দেওয়া হয়েছে সহায়ক বই। শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় দিরাইয়ে দৈনিক কালবেলার প্রতিনিধি হিল্লোল পুরকায়স্থের উদ্যোগে স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে বইগুলো নার্গিসের হাতে তুলে দেওয়া হয়। নার্গিস দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের মির্জাপুর গ্রামের দিনমজুর ইলিয়াস মিয়ার বড় মেয়ে। সে বাংলাদেশ ফিমেইল একাডেমির অষ্টম শ্রেণির শিক্ষার্থী। পাঁচ ভাইবোনের মধ্যে সবার বড় নার্গিসের স্বপ্ন পড়াশোনা করে ভালো ফলাফল করা এবং ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়ানো। নার্গিস জানায়, সহায়ক বই না থাকায় অর্ধবার্ষিক পরীক্ষার প্রস্তুতি ভালোভাবে নিতে পারেনি। এতে তার শ্রেণি রোল ৪ থেকে ৮ হয়েছে। বই পেয়ে সে বার্ষিক পরীক্ষায় ভালো ফল করার আশাবাদ ব্যক্ত করে। নার্গিসের বাবা ইলিয়াস মিয়া বলেন, অভাবের কারণে মেয়েকে প্রয়োজনীয় বই কিনে দিতে পারিনি। এখন বইগুলো পেয়ে সে পড়াশোনায় আরও মনোযোগী হতে পারবে। দিরাই উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম বলেন, নার্গিস মেধাবী শিক্ষার্থী। আর্থিক সংকটে তার পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। তিনিই তাকে বাংলাদেশ ফিমেইল একাডেমিতে ভর্তি করিয়ে দেন। দিরাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক মানবজমিনের প্রতিনিধি মোশাহিদ আহমেদ বলেন, এ ধরনের উদ্যোগ মানবসেবামূলক কাজে অনুপ্রাণিত করে। আর্থিক সংকটে কোনো শিক্ষার্থীর পড়াশোনা যেন বাধাগ্রস্ত না হয়, সেদিকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। দৈনিক যুগান্তরের প্রতিনিধি জিয়াউর রহমান লিটন বলেন, কালবেলার এ উদ্যোগ প্রশংসনীয়। সময়োপযোগী সংবাদ প্রকাশের মাধ্যমে পত্রিকাটি অল্প সময়েই পাঠকপ্রিয়তা অর্জন করেছে। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক ইমরান হোসাইন, সৈদুর রহমান তালুকদারসহ বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দ।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com