সুনামগঞ্জে ৪৪৪ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের প্রস্তুতি সম্পন্ন

আপলোড সময় : ১৫-১০-২০২৬ ০৪:৩০:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-১০-২০২৬ ০৪:৩২:৫৭ অপরাহ্ন
প্রীতম দাস::
আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সুনামগঞ্জে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে জেলা প্রশাসন। জেলার ১২টি উপজেলায় এবার ৪৪৪টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। উৎসবকে নির্বিঘ্ন রাখতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমান।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ১২টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় দুর্গোৎসবের সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে আলোচনা হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দ।
জেলা প্রশাসক বলেন, সুনামগঞ্জে শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন নিজ নিজ অবস্থান থেকে করণীয় নির্ধারণ করে পদক্ষেপ গ্রহণ করেছে। এ ছাড়া হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে একাধিকবার সভা করে প্রয়োজনীয় প্রস্তুতি ও করণীয় নিয়ে আলোচনা করা হয়েছে।
তিনি আরও বলেন, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দকে বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি কোর কমিটির একটি বিশেষ সভাও অনুষ্ঠিত হয়েছে। সংশ্লিষ্ট সবার সহযোগিতায় এবার শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় এই উৎসব উদযাপন করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মতিউর রহমান খান, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান আকবর আলী, আ ত ম মিছবাহ, নাদীর আহমদ, সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমদ লিলু, জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিপ্রেস রায় বাপ্পী, সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক, সাংবাদিক প্রীতম দাস, ইমাম-মুয়াজ্জিন পরিষদের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
সভায় দুর্গোৎসব চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপগুলোতে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার ক্ষেত্রে প্রশাসন, রাজনৈতিক দল, পূজা উদযাপন কমিটি ও সংশ্লিষ্ট সবার সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন কমিটি ও স্থানীয় জনগণের পারস্পরিক সহযোগিতায় সুনামগঞ্জের ৪৪৪টি পূজামণ্ডপে নির্বিঘ্নে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হবে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com