স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের ঐতিহ্যবাহী রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সকাল ১১টায় সুনামগঞ্জ শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সৈয়দ মহিবুল ইসলাম।
শতবর্ষপূর্তি উদযাপন নিয়ে সভায় মতামত তুলে ধরেন পাবলিক লাইব্রেরির সহসভাপতি, লেখক ও গবেষক সুখেন্দু সেন, বিদ্যালয়ের সাবেক শিক্ষক নাসরীন আক্তার খানম, প্রধান শিক্ষক রাছমিন বেগম চৌধুরী, অ্যাডভোকেট পারভেজ আহমদ, সাবেক পৌর মেয়র নূরুল ইসলাম বজলু, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক আকরাম উদ্দিন, অভিভাবক কমিটির সভাপতি নিতাই পুরকায়স্থ, সিনিয়র সাংবাদিক লতিফুর রহমান রাজু, সমাজসেবক আজিজ আহমদ বাপ্পু, নজরুল ইসলাম, পলাশ রঞ্জন তালুকদার প্রমুখ।
সভায় বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয়। পরে শতবর্ষপূর্তি উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। এ উপলক্ষে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো এবং রেজিস্ট্রেশন কার্যক্রম শুরুর সিদ্ধান্তও নেওয়া হয়। শতবর্ষপূর্তি উদযাপনের সার্বিক প্রস্তুতি নিয়ে আগামী ২৪ অক্টোবর, শনিবার পুনরায় আলোচনার জন্য সভা আহ্বান করা হয়েছে। রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩য় বারের মতো এই সভা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গত ৪ অক্টোবর বিদ্যালয়ে অনুষ্ঠিত সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।