স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে অবৈধ ভারতীয় মদসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) রাত ১২টা ১৫ মিনিটে সুনামগঞ্জ সদর থানাধীন ওয়েজখালী এলাকায় সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের পশ্চিম পাশে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ভারতীয় মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৪৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতার ব্যক্তিরা হলেন বিশ্বম্ভরপুর উপজেলার উত্তর কাপনা গ্রামের মো. মোজাম্মেল হক (৩৬) ও মো. মিরাজুল ইসলাম (৩৪) এবং হুড়ারকান্দা গ্রামের মো. নাজমুল হাসান হৃদয় (২৮)।
জেলা গোয়েন্দা শাখার এসআই মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে এসআই মুকুল খাঁন, এএসআই মো. খাদেমুল ইসলাম ও কনস্টেবল দীপক মুন্ডাসহ ডিবি পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকায় বিক্রির উদ্দেশ্যে ভারতীয় মদ নিয়ে অবস্থান করার সময় ওই তিনজনকে আটক করা হয়। পরে তাদের হেফাজতে থাকা ট্রলি ও কাগজের কার্টন তল্লাশি করা হয়। এ সময় বিভিন্ন ব্র্যান্ডের অবৈধ ভারতীয় মদ উদ্ধার ও জব্দ করা হয়। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুনামগঞ্জ সদর মডেল থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।