কৃষি সংকট মোকাবেলায় ভর্তুকি মূল্যে সার-ডিজেল-বিদ্যুৎ সরবরাহের দাবি

আপলোড সময় : ০৬-১০-২০২৬ ০১:২৯:৪৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৬-১০-২০২৬ ০১:২৯:৪৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: চলতি আমন ও আসন্ন বোরো মৌসুমে কৃষির সংকট মোকাবেলায় ভর্তুকি মূল্যে পর্যাপ্ত সার, ডিজেল ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবিতে সুনামগঞ্জে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি। সোমবার (৫ অক্টোবর) সকালে সংগঠনটির দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে এ স্মারকলিপি দেওয়া হয়। বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি সুনামগঞ্জ জেলা কমিটির সাধারণ স¤পাদক সাইফুল আলম ছদরুল স্বাক্ষরিত স্মারকলিপিটি জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করা হয়। স্মারকলিপিতে বলা হয়, ফসল উৎপাদনের জন্য সার, ডিজেল, কীটনাশকসহ বিভিন্ন কৃষি উপকরণ অপরিহার্য। কিন্তু কৃষি উপকরণ আমদানিনির্ভর হওয়ায় উৎপাদন ব্যয় ক্রমাগত বাড়ছে। এর সঙ্গে আন্তর্জাতিক বাজারের অস্থিরতা এবং দেশের অভ্যন্তরে সার ও জ্বালানি সরবরাহ ব্যবস্থার সংকট কৃষকদের ওপর বাড়তি চাপ তৈরি করছে। সংগঠনটির দাবি, চলতি আমন মৌসুম এবং আসন্ন বোরো মৌসুমে কৃষক ও কৃষি উৎপাদন রক্ষায় প্রয়োজনীয় পরিমাণ সার, ডিজেল ও বিদ্যুৎ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সার ও কৃষি উপকরণে পর্যাপ্ত ভর্তুকি দিয়ে কম মূল্যে কৃষকের কাছে পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। স্মারকলিপিতে আরও অভিযোগ করা হয়, সার ও ডিজেল বিপণনে কালোবাজারি, মজুতদারি ও কৃত্রিম সংকট সৃষ্টির কারণে কৃষকদের অতিরিক্ত দামে কৃষি উপকরণ কিনতে হচ্ছে। এসব অনিয়মের সঙ্গে জড়িত ডিলার, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট মধ্যস্বত্বভোগীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। এ ছাড়া দেশে বন্ধ থাকা সার কারখানাগুলো চালু ও আধুনিকায়ন করে দেশীয় উৎপাদন সক্ষমতা বাড়ানো, কৃষিতে ব্যবহৃত ডিজেলে পর্যাপ্ত ভর্তুকি প্রদান এবং কৃষকদের জন্য নামমাত্র মূল্যে বিদ্যুৎ ব্যবহারের ব্যবস্থা করার দাবি জানানো হয়। স্মারকলিপিতে ছয় দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে- ইউরিয়াসহ সব ধরনের সারের সংকট নিরসনে দেশীয় সার কারখানার উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, বন্ধ কারখানা চালু ও আধুনিকায়ন; সারসহ কৃষি উপকরণে পর্যাপ্ত ভর্তুকি দিয়ে কম মূল্যে কৃষকের কাছে সরবরাহ; সার ও ডিজেল বিপণনে কালোবাজারি ও মজুতদারি বন্ধ এবং অসাধু ডিলার-ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা; কৃষিতে ব্যবহৃত ডিজেলে ভর্তুকি দিয়ে স্বল্প মূল্যে সরবরাহ; কৃষিতে ব্যবহৃত বিদ্যুৎ নামমাত্র মূল্যে ব্যবহারের সুযোগ এবং সংগঠনটির ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সঙ্গে স¤পাদিত এনডিএ চুক্তি বাতিল। সংগঠনটির নেতারা বলেন, কৃষি উৎপাদন অব্যাহত রাখতে হলে মৌসুমের শুরুতেই কৃষকের কাছে প্রয়োজনীয় কৃষি উপকরণ নিশ্চিত করতে হবে। অন্যথায় উৎপাদন ব্যয় বাড়ার পাশাপাশি খাদ্য উৎপাদনেও নেতিবাচক প্রভাব পড়তে পারে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com