স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ শহরের আব্দুজ জহুর সেতু এলাকায় সড়ক দুর্ঘটনায় সুজন মিয়া (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। রবিবার (৪ অক্টোবর) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুজন মিয়া সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের অচিন্তপুর গ্রামের সেলিম মিয়া ও শাহেনা বেগমের ছেলে।
পুলিশ জানায়, আব্দুজ জহুর সেতুর সন্নিকটে সড়ক দুর্ঘটনায় এক যুবক আহত হয়ে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে খবর পেয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশ সদস্যরা ওই যুবককে উদ্ধার করে তাদের গাড়িতে করে সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে নিহত সুজন মিয়ার বাবা সেলিম মিয়া ও স্বজনরা হাসপাতালে ছুটে যান। স্বজনদের আহাজারিতে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।
এদিকে, কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, দুর্ঘটনায় কোনো যানবাহনের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়েছিল কি না এবং ঘটনাস্থলেই সুজনের মৃত্যু হয়েছিল কি না - এসব বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ বা হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। এ ঘটনায় দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করেছে পুলিশ।