আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

আপলোড সময় : ০১-১০-২০২৬ ০৮:২৭:১৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ০১-১০-২০২৬ ০৮:২৭:১৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: ডিজিটাল মাধ্যমে তথ্যের দ্রুত বিস্তারের সঙ্গে অপতথ্য ও গুজব ছড়িয়ে পড়ার ঝুঁকিও বেড়েছে। এ পরিস্থিতিতে নাগরিকের তথ্য জানার অধিকার নিশ্চিত করার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য প্রকাশ ও ব্যবহারের আগে তা যাচাই বাছাইয়ের ওপর গুরুত্ব দিয়েছেন সুনামগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসের আলোচনা সভায় বক্তারা। ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে এবং জেলা তথ্য অফিসের উপপরিচালক শেখ মোহাম্মদ ওয়ালিদ ফয়েজের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জুলফিকার হোসেন, জেলা মডেল মসজিদের সাধারণ স¤পাদক নূরুর রব চৌধুরী, বাসসের জেলা প্রতিনিধি মুহাম্মদ আমিনুল হক, টিআইবির এরিয়া কো অর্ডিনেটর মো. আরিফুর রহমান ও শিক্ষক রোকসানা বেগম। সভায় বক্তারা বলেন, তথ্য জানার অধিকার সব নাগরিকের রয়েছে। জনগণের কাছে প্রয়োজনীয় ও নির্ভরযোগ্য তথ্য পৌঁছাতে তথ্য অধিকার আইনের কার্যকর প্রয়োগ এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোর তথ্য প্রকাশের ব্যবস্থা আরও কার্যকর করা প্রয়োজন। তারা বলেন, তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত না হলে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ার সুযোগ তৈরি হয়। তাই সাধারণ মানুষের মধ্যে তথ্য অধিকার আইন স¤পর্কে সচেতনতা বাড়াতে হবে। একই সঙ্গে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইট নিয়মিত হালনাগাদ করে প্রয়োজনীয় তথ্য সহজে জনগণের কাছে পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। বক্তারা আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য পাওয়া গেলে তা যাচাই না করে শেয়ার করা থেকে বিরত থাকতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে তথ্যের উৎস যাচাই করে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সচেতন হতে হবে। অপতথ্য প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজে সামাজিক মূল্যবোধের চর্চা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তারা। আলোচনায় শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রেও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। অপ্রয়োজনীয় ও অনিয়ন্ত্রিত ব্যবহার থেকে বিরত থেকে প্রযুক্তিকে শিক্ষাসহ ইতিবাচক কাজে ব্যবহারের পরামর্শ দেন বক্তারা।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com