স্টাফ রিপোর্টার ::
সড়ক পরিবহন আইন অমান্য করে অবৈধভাবে বাসের আসন পরিবর্তন ও অনুমোদনহীন স্লিপার কোচ পরিচালনার অভিযোগে সুনামগঞ্জে তিন পরিবহন প্রতিনিধিকে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯) এবং জেলা প্রশাসন, সুনামগঞ্জের যৌথ অভিযানে এই দ- প্রদান করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী নিবন্ধিত কোনো মোটোরযানের কারিগরি, অভ্যন্তরীণ বা বাহ্যিক কাঠামো এবং আসন বিন্যাসে পরিবর্তন আনতে হলে কর্তৃপক্ষের পূর্বানুমোদন বাধ্যতামূলক। তবে একটি অসাধু চক্র আইনের তোয়াক্কা না করে চেয়ার কোচ ভেঙে অনুমোদনহীনভাবে স্লিপার বা বেড স্থাপন করে যাত্রী পরিবহন করে আসছিল।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৯ সেপ্টেম্বর রাত ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত সুনামগঞ্জ সদর থানাধীন জলিলপুর গ্রামস্থ পল্লী বিদ্যুৎ সমিতির সামনে সুনামগঞ্জ সিলেট মহাসড়কে যৌথভাবে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানকালে অনুমোদনহীনভাবে বাসের আসন বিন্যাস পরিবর্তন ও বিভিন্ন অনিয়মের দায়ে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’ এর ৫২ ধারায় তিনটি পরিবহনের তিন প্রতিনিধিকে ১ লাখ টাকা করে সর্বমোট ৩ লাখ টাকা আর্থিক জরিমানা করা হয়।
দন্ড-প্রাপ্ত ব্যক্তিরা হলেন বেঙ্গল পরিবহনের প্রতিনিধি মোঃ রাতুল (৩৫) ১ লাখ টাকা, ইম্পেরিয়াল পরিবহনের প্রতিনিধি মুরাদ (২৪) ১ লাখ টাকা, ইউরো কোচ পরিবহনের প্রতিনিধি অনিক চন্দ্র দেবনাথ (২৬) কে ১ লাখ টাকা।
এসআরবি-৯ এর পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানান, জনস্বার্থে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে এ ধরনের অবৈধ কর্মকা- ও অনিয়মের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি এবং যৌথ অভিযান অব্যাহত থাকবে।