সুনামকণ্ঠ ডেস্ক ::
ভেরিফিকেশনের নামে ‘ফ্যাসিবাদী আমলের অপকর্ম’ পরিত্যাগ করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ কথা বলে তিনি।
সরকারের উদ্দেশে জামায়াত আমির বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে ভুল রাজনীতির খেলা থেকে সরে আসুন। মেধাকে সম্মান দিন।
সরকারি চাকরিতে প্রবেশ রাজনৈতিক আনুগত্যের বিষয় নয় - মন্তব্য করে শফিকুর রহমান বলেন, একজন নাগরিক হিসেবে চাকরিপ্রার্থীর মেধা ও যোগ্যতাই হওয়া উচিত একমাত্র বিবেচ্য বিষয়।
শফিকুর রহমান আরও বলেন, ভেরিফিকেশনের নামে ফ্যাসিবাদী আমলের এই অপকর্ম পরিত্যাগ করুন। ফ্যাসিবাদ আমলের অনুরূপ যেকোনো কূট-তৎপরতা জনগণ সহ্য করবে না।
বিরোধীদলীয় নেতা বলেন, জনগণকে সঙ্গে নিয়ে প্রতিবাদ ও প্রতিরোধ অব্যাহত থাকবে। মেধাবী যুবসমাজসহ তরুণদের নিজেদের অধিকার আদায়ে আবারও সোচ্চার হতে হবে। ছাড় দিলে বাংলাদেশ মেধাহীন ফ্যাসিবাদের অভয়ারণ্যে পরিণত হবে। ছাড় দেওয়ার কোনো অবকাশ নেই।