দোয়ারাবাজারে চলছে টিলা কেটে মাটি বিক্রি

আপলোড সময় : ২৭-০৯-২০২৬ ০৭:২৫:৪৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৭-০৯-২০২৬ ০৭:২৫:৪৫ পূর্বাহ্ন
দোয়ারাবাজার প্রতিনিধি :: দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়নের কাঠালবাড়ি এলাকায় টিলা কেটে মাটি বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়দের আপত্তি উপেক্ষা করে গত কয়েকদিন ধরে শ্রমিক দিয়ে কোদাল ও শাবলের মাধ্যমে টিলা কেটে মাটি বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। তাঁদের দাবি, ইতোমধ্যে অন্তত পাঁচ শতক টিলা কেটে মাটি বিক্রি করা হয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিলেও এখন পর্যন্ত প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যায়নি। অভিযোগ সূত্রে জানা গেছে, কাঠালবাড়ি গ্রামের মৃত ইয়াছিন মিয়ার ছেলে মুসলিম মিয়া নিজের টিলা দাবি করে শ্রমিক দিয়ে মাটি কাটছেন এবং তা বিক্রি করছেন। আর তার কাছ থেকে মাটি কিনে ভিটা ভরাট করছেন একই গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে মো. কুদ্দুস মিয়া। শনিবার বিকেলে সরেজমিনে কাঠালবাড়ি এলাকায় গিয়ে দেখা যায়, শ্রমিকরা কোদাল ও শাবল দিয়ে টিলার মাটি কাটছেন। ইতোমধ্যে টিলার একটি অংশ কেটে সমতল করে ফেলা হয়েছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, কেটে নেওয়া মাটি বিক্রি করে বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, টিলা কাটার কারণে এলাকার প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। তারা মাটি কাটতে নিষেধ করলেও মুসলিম মিয়া তাদের আপত্তি আমলে নিচ্ছেন না। নিজের জায়গা দাবি করে তিনি টিলা কেটে মাটি বিক্রি অব্যাহত রেখেছেন। স্থানীয়দের অভিযোগ, ব্যক্তিগত জায়গা হলেও ইচ্ছামতো টিলা কেটে মাটি বিক্রি করা হলে এর পরিবেশগত প্রভাব পড়তে পারে। বিশেষ করে বর্ষা মৌসুমে টিলা কাটার স্থান থেকে মাটি ধসে পড়া এবং আশপাশের এলাকায় জলাবদ্ধতা সৃষ্টির আশঙ্কা রয়েছে। এলাকাবাসী দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে টিলা কাটা বন্ধ এবং বিষয়টি তদন্তের দাবি জানিয়েছেন। টিলার মাটি কাটার বিষয়ে মুসলিম মিয়ার বক্তব্য জানতে চাইলে তাকে বাড়িতে পাওয়া যায়নি। এ বিষয়ে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার অরূপ রতন সিংহ বলেছেন, টিলা কাটার বিষয়ে এসিল্যান্ডকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হবে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com