স্টাফ রিপোর্টার ::
বেপরোয়া সিএনজিচালিত অটোরিকসার ধাক্কায় রুবি রাণী দাস নামে এক শিক্ষিকা নিহত হয়েছেন। তিনি সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের বাণীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিদ্যালয় ছুটির পর রুবি রাণী দাস গৌরারং গ্রামে তার বাড়িতে ফিরছিলেন। বেড়াজালি বাজার সংলগ্ন এলাকায় রাস্তা পারাপারের সময় একটি বেপরোয়া সিএনজিচালিত অটোরিকসা রুবি রাণী দাসকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করেন। পরবর্তীতে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রুবি রাণী দাস দুই সন্তানের জননী ছিলেন।