স্টাফ রিপোর্টার ::
সিলেট বিভাগে হামে আক্রান্ত ও সন্দেহজনক রোগীদের পরিস্থিতির উন্নতি হচ্ছে না। গত ২৪ ঘণ্টায় বিভাগে সন্দেহজনক হামে আরও তিনজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯৩ জন। এতে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫১৮ জনে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৬২ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৭১ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন, নর্থ ইস্ট হাসপাতালে ৬ জন ও পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন, কো¤পানীগঞ্জে ৪ জন, ধর্মপাশায় ১ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ২৫ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১১ জন রোগী ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, বর্তমানে সবচেয়ে বেশি রোগী চিকিৎসাধীন আছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৯২ জন। এরপর শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৫৪ জন। এ ছাড়া রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১২ জন, নর্থ ইস্ট হাসপাতালে ১৩ জন ও পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ৩০ জন চিকিৎসাধীন রয়েছেন।
বিভাগের অন্যান্য হাসপাতালেও উল্লেখযোগ্য সংখ্যক রোগী চিকিৎসাধীন রয়েছেন। সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৪৩ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২২ জন এবং হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৭ জন রোগী ভর্তি আছেন। এ ছাড়া বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও রোগী চিকিৎসাধীন রয়েছেন।
একদিনে মৃত্যু আরও তিনজনের :
গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আরও তিনজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য বিভাগের প্রতিবেদন অনুযায়ী, মৃতদের মধ্যে দুজন সুনামগঞ্জের শিশু এবং একজন মৌলভীবাজারের শিশু। তাদের মধ্যে দুজনের চিকিৎসা চলছিল সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।
স্বাস্থ্য বিভাগের জেলাভিত্তিক হিসাবেও উঠে এসেছে মৃত্যুর ভয়াবহ চিত্র। প্রতিবেদন অনুযায়ী, সিলেটে এ পর্যন্ত সন্দেহজনক হামে মারা গেছেন ৬৩ জন, যার মধ্যে ৪ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে হামে। হবিগঞ্জে সন্দেহজনক মৃত্যু ১৯ জনের, নিশ্চিত মৃত্যু ৪ জনের। মৌলভীবাজারে সন্দেহজনক মৃত্যু ১৪ জনের, নিশ্চিত মৃত্যু ১ জনের। সুনামগঞ্জে সন্দেহজনক মৃত্যু ৬২ জনের, নিশ্চিত মৃত্যু ১ জনের।
অর্থাৎ সন্দেহজনক ও নিশ্চিত - দুই হিসাব মিলিয়ে সিলেট বিভাগে এ পর্যন্ত হামে মোট মৃত্যু হয়েছে ১৬৮ জনের। এর মধ্যে ১০ জনের মৃত্যু নিশ্চিতভাবে হাম রোগে এবং ১৫৮ জনের মৃত্যু সন্দেহজনক হামে হয়েছে বলে স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।