স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ পৌর শহরের ধোপাখালি এলাকায় গ্যাসের পাইপলাইন লিকেজ থেকে ভয়াবহ অগ্নিকান্ডে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে পুরো বসতঘরটি পুড়ে যায়। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবার।
স্থানীয় সূত্রে জানা যায়, ধোপাখালি এলাকার বাসিন্দা হাফিজুর মিয়ার টিনশেড বসতঘরে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন খলিল মিয়ার পরিবার। বৃহ¯পতিবার রাতে হঠাৎ ঘরের পাশের গ্যাসের পাইপলাইন লিকেজ হয়ে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে।
আগুন দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত সুনামগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় আধঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তবে এর আগেই আগুনে বসতঘরের আসবাবপত্রসহ প্রয়োজনীয় মালামাল পুড়ে যায়।
সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সুবল চন্দ্র দেবনাথ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাসের পাইপলাইন লিকেজ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হওয়ায় আশপাশের বাড়িঘর বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।