বিদ্যুৎস্পৃষ্টে ছোটভাই নিহত, বড়ভাই হাসপাতালে

আপলোড সময় : ০৭-০৯-২০২৬ ১১:২৪:৫৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৭-০৯-২০২৬ ১১:২৪:৫৪ পূর্বাহ্ন
ছাতক প্রতিনিধি :: ছাতকে ব্যাটারিচালিত ইজিবাইক (টমটম) চার্জ দেওয়ার গ্যারেজে বিদ্যুৎস্পৃষ্টে সাইদুর রহমান সায়েম (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বড় ভাই সিয়াম আহমেদ রাহুল (১০) গুরুতর আহত হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে ছাতক পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মোগলপাড়া এলাকায় আঙ্গুর মিয়ার বাড়ির ভাড়াটিয়া বাসায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইদুর রহমান সায়েম ও আহত সিয়াম আহমেদ রাহুল নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার দৌলতপুর গ্রামের মো. সুজন মিয়ার ছেলে। তারা ছাতকের মোগলপাড়া এলাকায় আঙ্গুর মিয়ার বাড়িতে ভাড়া বাসায় বসবাস করছিল। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুই শিশুর মা লিপি বেগম অসুস্থ হয়ে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। সকালে তাকে দেখতে হাসপাতালে যান বাবা সুজন মিয়া। এ সময় দুই ভাই বাসায় ছিল। সকালে বাসার পাশে ব্যাটারিচালিত ইজিবাইক চার্জ দেওয়ার গ্যারেজে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ঘটনা ঘটে। এতে দুই শিশু বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সাইদুর রহমান সায়েমকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সিয়াম আহমেদ রাহুলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার খবর পেয়ে ছাতক থানার এসআই (নিরস্ত্র) মো. শরীফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। পুলিশ জানায়, নিহত শিশুর স্বজন ও স্থানীয় কাউন্সিলর শফিকুল ইসলাম প্রথমে মরদেহ ময়নাতদন্ত ছাড়া দাফনের জন্য অনুরোধ করেন। পরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে মরদেহ থানায় নেওয়া হয়। ছাতক থানার ইন্সপেক্টর (তদন্ত) ঝলক মোহন্ত বলেন, ব্যাটারিচালিত ইজিবাইক চার্জ দেওয়ার গ্যারেজে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। আহত অপর শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহত শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে, এই মর্মান্তিক এ ঘটনায় মোগলপাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com