তাহিরপুরে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। তাহিরপুর সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে হাওরাঞ্চলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের এ প্লাস ও এ গ্রেডপ্রাপ্ত দেড় শতাধিক শিক্ষার্থীকে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়। শুক্রবার সকাল ১১টায় তাহিরপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তাহিরপুর সমাজকল্যাণ পরিষদের সভাপতি দিলশাদ মিয়ার সভাপতিত্বে এবং পরিষদের সেক্রেটারি মো. সুহেল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহেরা জামেয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার ভাইস প্রিন্সিপাল তোফায়েল আহমদ খান, তাহিরপুর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলি যাচাই-বাছাই কমিটির শিক্ষানুরাগী সদস্য মেহেদী হাসান উজ্জ্বল, সুলেমাপুর শাহজালাল জামেয়ার প্রতিষ্ঠাতা সৈয়দ মাওলানা শামসুজ্জামানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা কৃতী শিক্ষার্থীদের সাফল্যের জন্য অভিনন্দন জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। একই সঙ্গে অর্জিত সাফল্য ধরে রেখে উচ্চশিক্ষার পথে আরও এগিয়ে যাওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তারা।
বক্তারা বলেন, শুধু ভালো ফলাফল অর্জনই জীবনের মূল লক্ষ্য নয়। একজন শিক্ষার্থীকে ভালো ছাত্র হওয়ার পাশাপাশি সৎ, মানবিক, দায়িত্বশীল ও আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। দেশ ও সমাজের কল্যাণে নিজেদের মেধা, যোগ্যতা ও দক্ষতাকে কাজে লাগানোর জন্যও তারা শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষপর্বে তাহিরপুরের হাওরাঞ্চলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ দেড় শতাধিক কৃতী শিক্ষার্থীর হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।
আয়োজক ও উপস্থিত অতিথিগণ বলেন, কৃতী শিক্ষার্থীদের এমন স্বীকৃতি তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো ফলাফল অর্জন এবং সমাজ ও দেশের জন্য কাজ করার ক্ষেত্রে অনুপ্রেরণা জোগাবে। - সংবাদ বিজ্ঞপ্তি