স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেছেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই মানুষ, আমরা সবাই বাংলাদেশি। আমাদের মধ্যে কোনো বৈষম্য নেই। সনাতন ধর্মাবলম্বীরা এ দেশে সুরক্ষিত থাকবেন, নিশ্চিন্তে থাকবেন। কেউ নির্যাতন করতে পারবে না - আমি আপনাদের এ নিশ্চয়তা ও প্রতিশ্রুতি দিচ্ছি।
তিনি আরও বলেন, মানবিক প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারদলীয় সংসদ সদস্যদের সঙ্গে যখন বসেন, তখন স্পষ্টভাবে বলেছেন - কোনো মানুষ যেন বৈষম্যের শিকার না হন। ধর্ম, বর্ণ ও পরিচয়ের ভিত্তিতে কাউকে অবহেলা বা নির্যাতন করা যাবে না।
শুক্রবার বিকেলে তাহিরপুরে ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩তম শুভ আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট তাহিরপুর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
আলোচনা সভায় তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের সব ধর্মের মানুষ যুগ যুগ ধরে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে বসবাস করে আসছেন। এই সম্প্রীতি আরও সুদৃঢ় করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুনাব আলী, খসরুল আলমসহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট তাহিরপুর উপজেলা শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।